ফাঁদ পেতে বিড়াল হত্যার ঘটনায় দোকানিকে ৬ মাস কুকুর-বিড়ালকে খাবার দেওয়ার নির্দেশ

বাংলা টিভি ডেস্ক: দিনাজপুরের ঘোড়াঘাটে ফাঁদ পেতে একটি পথবিড়াল হত্যার ঘটনায় বেকারি ব্যবসায়ীকে ব্যতিক্রমী শাস্তি দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নিজের অপরাধ স্বীকার করে অনুতপ্ত হওয়ায় তাকে আগামী ছয় মাস বাজারের সব পথকুকুর ও বিড়ালের খাবারের দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম সারোয়ার হোসেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন কাওছার শেখ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বলগাড়ি বাজারে সারোয়ার হোসেনের বেকারি দোকানে প্রায়ই খাবারের খোঁজে একটি পথবিড়াল প্রবেশ করত। এ সময় বিড়ালটি বিস্কুটসহ বিভিন্ন খাবার নষ্ট করায় ক্ষুব্ধ হন দোকানি। এর জেরে গত শুক্রবার (১৫ নভেম্বর) রাতে দোকানের ভেতরে চিকন নাইলনের দড়ি দিয়ে ফাঁদ তৈরি করে রাখেন তিনি।
একপর্যায়ে ওই ফাঁদে আটকা পড়ে বিড়ালটি। দড়ি গলায় পেঁচিয়ে শ্বাসরোধে প্রাণ হারায় প্রাণীটি। পরদিন সকালে দোকানের সামনে বিড়ালটির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। মা বিড়ালটিকে হারিয়ে অসহায় হয়ে পড়ে তার দুটি ছোট ছানা।
ঘটনাটি জানার পর বিড়াল হত্যার বিচার চেয়ে বিকেলেই উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে যান স্থানীয় যুবক মেহেদী হাসান ইমু। তার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যবসায়ীকে ডেকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করে প্রশাসন।
এ সময় নিজের ভুল স্বীকার করেন সারোয়ার হোসেন। একই সঙ্গে অনুতপ্ত হয়ে ক্ষমা চান এবং ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবেন না বলে অঙ্গীকার করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন কাওছার শেখ জানান, অভিযুক্ত ব্যবসায়ী নিজের দোষ স্বীকার করে মুচলেকা দিয়েছেন। শাস্তি হিসেবে আগামী ছয় মাস বলগাড়ি বাজারের সব পথকুকুর ও বিড়ালের প্রতিদিনের খাবারের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড না করার জন্য তাকে সতর্ক করা হয়েছে।



