বিনোদনঅন্যান্য

সঠিক পথে থাকার সংগ্রাম আল্লাহ দেখছেন: বর্ষা

বাংলা টিভি ডেস্ক: ব্যবসায়িক সংকট, ব্যাংকঋণ ও কারখানা বন্ধের খবর ঘিরে বেশ কয়েক দিন ধরেই আলোচনায় ঢালিউডের অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল। তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা। এমন পরিস্থিতিতে এবার স্বামী অনন্ত জলিলের পাশে দাঁড়িয়ে আবেগঘন বার্তা দিলেন চিত্রনায়িকা বর্ষা। মহান আল্লাহর ওপর ভরসা রেখে সঠিক পথে অবিচল থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন বর্ষা। সেখানে তিনি লিখেছেন, ‘এমনটা কখনো ভেবো না যে, তুমি সঠিক পথে অবিচল থাকার জন্য যে সংগ্রাম করছ, মহান আল্লাহ তা জানেন না। তিনি তোমার প্রতিটি প্রচেষ্টা দেখছেন। তোমার প্রতিটি চেষ্টার প্রতিদান তিনি দেবেন। জীবনের প্রতিটি পদক্ষেপে তিনি তোমার সঙ্গে আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন।’

বর্ষার এই বক্তব্যকে অনেকে স্বামী অনন্ত জলিলের সাম্প্রতিক পরিস্থিতির সঙ্গে মিলিয়ে দেখছেন। যদিও স্ট্যাটাসে সরাসরি কারও নাম উল্লেখ করেননি এই অভিনেত্রী।

এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অনন্ত জলিলের জন্য দোয়া ও ভালোবাসা প্রকাশ করা ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানান বর্ষা। একই সঙ্গে স্বামী, সন্তানসহ পুরো পরিবারের জন্য সবার কাছে দোয়া চান তিনি।

সেই পোস্টে বর্ষা লেখেন, ‘আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমাদের জন্য আপনাদের এত সুন্দর দোয়া, ভালোবাসা ও আন্তরিকতার জন্য মন থেকে অনেক অনেক কৃতজ্ঞতা। সত্যিই, আপনাদের এই ভালোবাসা আমাদের অনেক সাহস ও অনুপ্রেরণা দেয়।’

জীবনের উত্থান-পতনকে স্বাভাবিক বাস্তবতা উল্লেখ করে তিনি আরও লেখেন, ‘জীবনে ব্যবসা-বাণিজ্য কিংবা পরিস্থিতি সব সময় একরকম থাকে না। কখনো ভালো সময় আসে, কখনো একটু কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়। এটাই জীবনের বাস্তবতা, আর আমরা বিশ্বাস করি, আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। তার ওপর ভরসা রেখেই সামনে এগিয়ে যেতে চাই।’

ওই পোস্টে নিজের স্বামী, সন্তান ও পরিবারের সদস্যদের জন্য বিশেষভাবে দোয়া চান বর্ষা। আল্লাহ যেন তাদের সব বিপদ-আপদ থেকে রক্ষা করেন এবং জীবনের প্রতিটি পদক্ষেপ সহজ করে দেন, সেই প্রার্থনাও জানান তিনি।

উল্লেখ্য, অনন্ত জলিল ও বর্ষা ঢালিউডের আলোচিত তারকা দম্পতি। অভিনয়ের পাশাপাশি ব্যবসার সঙ্গেও যুক্ত অনন্ত জলিল। সম্প্রতি তার মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠান এবি অ্যাপারেলস লিমিটেডের ঋণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পক্ষ থেকে ঋণের বিপরীতে ২২৬ কোটি ৭৫ লাখ টাকা আদায়ে আইনি নোটিশ পাঠানোর খবরও প্রকাশিত হয়েছে। পাশাপাশি তার কয়েকটি কারখানার পরিস্থিতি ও শ্রমিকদের কর্মসংস্থান নিয়েও তৈরি হয়েছে আলোচনা।

এমন পরিস্থিতিতে অনন্তের জন্য দোয়া ও ভালোবাসা প্রকাশকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পাশে থাকার বার্তা দিয়েছেন বর্ষা। এবার সঠিক পথে অবিচল থাকার সংগ্রাম নিয়ে তার নতুন স্ট্যাটাসও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button