
বাংলা টিভি ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় বিরোধী দলের কাছ থেকে যথাযথ সহযোগিতা পেতে হলে প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সহযোগিতা চাইতে হবে। প্রধানমন্ত্রীকে সংসদে বলতে হবে, সরকার একা এই পরিস্থিতি মোকাবিলা করতে পারছে না, এ জন্য বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন। তাহলে বিরোধী দল অবশ্যই সহযোগিতা করবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ‘রায়ের এক বছর: শেখ হাসিনার বিচার, প্রত্যর্পণ ও রাষ্ট্রের দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী যদি সংসদে এ ধরনের আহ্বান না জানান, তাহলে বর্তমান পরিস্থিতিকে সরকার ও আওয়ামী লীগের সমস্যা হিসেবেই বিবেচনা করবে বিরোধী দল। এ ছাড়া দেশের কোনো নাগরিকের জানমালের ক্ষতি হলে, জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট কেউ হামলার শিকার হলে কিংবা কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা হলে এর সম্পূর্ণ দায় সরকারকে নিতে হবে।
সরোয়ার তুষার বলেন, আওয়ামী লীগের প্রতি সরকারের নমনীয়তা ও আপসকামিতার মূল্য শুধু সরকারকে নয়, পুরো দেশের মানুষকে দিতে হচ্ছে। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের সুযোগ দেওয়া হলে তার পরিণতি ভয়াবহ হতে পারে। বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনাগুলো তারই প্রতিফলন।
তিনি বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে জায়গা করে দেওয়ার ক্ষেত্রে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বন্ধ রাখা এবং দলটির অপরাধের বিচার নিশ্চিত করতে হবে। তাঁর মতে, আওয়ামী লীগকে কেবল রাজনৈতিক দল হিসেবে বিবেচনা না করে অপরাধমূলক সংগঠন হিসেবে চিহ্নিত করে বিচারিক প্রক্রিয়ার আওতায় আনা প্রয়োজন।
এনসিপির এই নেতা বলেন, দেশে ও বিদেশে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলার লক্ষ্যবস্তু হচ্ছে এনসিপি। কারণ, আওয়ামী লীগ বুঝতে পেরেছে, বাংলাদেশের রাজনীতিতে এনসিপির প্রতিষ্ঠা তাদের রাজনৈতিক ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ। লন্ডন ও নিউইয়র্কসহ বিভিন্ন স্থানে জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি এবং এনসিপির নেতাদের ওপর হামলার অভিযোগ তুলে তিনি হামলাকারীদের বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান।
র ব্যবস্থা নেওয়া হচ্ছে না। একদিকে সমালোচনা বা গালাগালির অভিযোগে অনেককে সন্ত্রাসবিরোধী আইনে আটক করা হচ্ছে, অন্যদিকে সহিংস কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাময়িকভাবে আটক করে পরে ছেড়ে দেওয়ার যে অভিযোগ রয়েছে, তা নিয়েও সরকারের অবস্থান স্পষ্ট হওয়া প্রয়োজন। রাজনৈতিক সুবিধা বিবেচনায় সহিংসতায় জড়িত ব্যক্তিদের ছাড় দেওয়ার পরিণতি দেশের জন্য বিপজ্জনক হতে পারে। সরকার জনগণের কাছ থেকে যে ঐতিহাসিক ম্যান্ডেট পেয়েছে, তার যথাযথ ব্যবহার করতে হবে। সময়মতো প্রয়োজনীয় সিদ্ধান্ত না নিলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে।



