ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে: পরীমনি

বিনোদন ডেস্ক: আদালতকেন্দ্রিক নানা ব্যস্ততায় প্রায় ছয় বছর ধরে নিয়মিত যাতায়াত করছেন চিত্রনায়িকা পরীমনি। এই দীর্ঘ সময়ে সাংবাদিক, ইউটিউবার কিংবা কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে কখনো খারাপ আচরণ করেননি বলে দাবি করেছেন তিনি। তবে সম্প্রতি আদালত চত্বরে এক সাংবাদিকের আচরণে অস্বস্তিতে পড়ার ঘটনা নিয়ে এবার নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই অভিনেত্রী।
পরীমনির অভিযোগ, আদালত প্রাঙ্গণে ওই সাংবাদিক তাকে স্পর্শ করেছিলেন। বিষয়টি নিয়ে আপত্তি জানালে ওই ব্যক্তি নিজের সাংবাদিক পরিচয়পত্র দেখান। এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘সে যখন আমাকে ধরল, আমি তাকে জিজ্ঞেস করলাম, আমাকে কেন ধরছো? তখন সে তার কার্ড দেখিয়ে বলল, আমি সাংবাদিক। ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে।’
মঙ্গলবার (১৭ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় হাজিরা দিতে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ যান পরীমনি। সকাল সাড়ে ১০টার দিকে আদালতে পৌঁছানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাম্প্রতিক এই ঘটনার প্রসঙ্গ সামনে আনেন তিনি।
এ সময় নিজের দীর্ঘদিনের আদালতে যাতায়াতের অভিজ্ঞতা তুলে ধরে পরীমনি বলেন, প্রায় ছয় বছর ধরে এই আদালত প্রাঙ্গণে আসা-যাওয়া করছেন তিনি। এ সময়ের মধ্যে মূলধারার সাংবাদিক থেকে শুরু করে ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর—অনেকের সঙ্গেই তার নিয়মিত দেখা হয়েছে। কিন্তু কারও সঙ্গে কখনো দুর্ব্যবহার করেছেন, এমন অভিযোগ কেউ করতে পারবেন না বলেও মন্তব্য করেন অভিনেত্রী।
এদিকে পরীমনির বিরুদ্ধে দায়ের করা মাদক মামলায় অভিযোগ গঠনসংক্রান্ত শুনানি পিছিয়ে আগামী ২৩ ডিসেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। মঙ্গলবার শুনানি শেষে বিচারক এই তারিখ ধার্য করেন।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর অভিযোগ গঠনের শুনানির দিন থাকলেও পায়ের ব্যথার কারণে আদালতে উপস্থিত হতে পারেননি পরীমনি। পরে তার আইনজীবীর আবেদনের ভিত্তিতে ১৭ নভেম্বর শুনানির নতুন দিন ধার্য করা হয়।
মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র্যাব। পরদিন ৫ আগস্ট বাহিনীটির পক্ষ থেকে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
তদন্ত শেষে একই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। সেখানে উল্লেখ করা হয়, পরীমনির বাসা থেকে উদ্ধার করা মাদকদ্রব্যের পক্ষে বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯-২০ অর্থবছরে তার নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স ইস্যু করা হয়েছিল, যার মেয়াদ পরবর্তী সময়ে শেষ হয়ে যায়।
অভিযোগপত্রে আরও দাবি করা হয়, মামলার অন্য দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেনের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে মাদক সংগ্রহ করে বাসায় রাখতেন পরীমনি। পাশাপাশি তার গাড়ি মাদক পরিবহনের কাজে ব্যবহারের অভিযোগও আনা হয়।
পরবর্তী সময়ে ২০২২ সালের ৫ জানুয়ারি বিচারিক আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন পরীমনি। একই বছরের ১ মার্চ হাইকোর্ট রুল জারির পাশাপাশি তার ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। পরে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী মামলাটির অভিযোগ গঠনসংক্রান্ত শুনানির প্রক্রিয়া আবার শুরু হয়।
দীর্ঘদিন ধরে চলমান এই মামলায় এবার পরবর্তী শুনানির জন্য ২৩ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।



