রাজনীতি

‘পোশাক খাতকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে’

বাংলা টিভি ডেস্ক: দেশের তৈরি পোশাকশিল্পকে অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিবাদী শক্তি নানা তৎপরতা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশের মানুষের প্রতি ফ্যাসিস্টদের কোনো দায়বদ্ধতা কিংবা ভালোবাসা নেই। গত ১৭ বছরে তারা দেশের গণতান্ত্রিক, অর্থনৈতিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে।

তিনি আরও বলেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসার প্রক্রিয়া চললেও সেই পরিস্থিতি নষ্ট করার অপচেষ্টা চালানো হচ্ছে। দেশের অর্থনীতিকে দুর্বল করার উদ্দেশ্যে পতিত ফ্যাসিবাদী শক্তি আবারও সক্রিয় হয়ে উঠেছে।

শামা ওবায়েদ বলেন, দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো যখন ঘুরে দাঁড়াচ্ছে এবং বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন, ঠিক সেই সময়ই একটি মহল ফ্যাসিবাদকে পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ তৈরি করছে।

পোশাকশ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার বিষয়ে সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, শ্রমিকদের প্রাপ্য পারিশ্রমিক নিশ্চিত করতে সরকার সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে সাধারণ মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button