বিয়ের দাবিতে এক তরুণের বাড়িতে আরেক তরুণ

বাংলা টিভি ডেস্ক: মাদারীপুরের কালকিনিতে প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ের দাবিতে এক তরুণের বাড়িতে গিয়ে অবস্থান নিয়েছেন আরেক তরুণ। টিকটকের মাধ্যমে পরিচয়, এরপর ভালো লাগা থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে। একসঙ্গে জীবন কাটানোর ইচ্ছা থেকেই মঙ্গলবার (১৭ নভেম্বর) নবদ্বীপ চন্দ্র দাশ (১৯) নামে ওই তরুণের বাড়িতে অবস্থান নেন মাহিন মুন্সি। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নবদ্বীপ চন্দ্র দাশ কালকিনি উপজেলার দক্ষিণ বাঁশগাড়ি ইউনিয়নের দক্ষিণ আকাল বরিশ গ্রামের বাসিন্দা রণজিৎ চন্দ্র দাশের ছেলে। অন্যদিকে মাহিন মুন্সি মাদারীপুর সদর উপজেলার বিল্লাল মুন্সির ছেলে।
সংশ্লিষ্ট দুজনের সঙ্গে কথা বলে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে তাদের পরিচয় হয়। ধীরে ধীরে সেই পরিচয় ঘনিষ্ঠতায় রূপ নেয় এবং একপর্যায়ে প্রেমের সম্পর্ক তৈরি হয়। বর্তমানে দুজনই একসঙ্গে থাকতে ও বিয়ে করতে আগ্রহী। নিজেদের এই ইচ্ছার কথা জানাতেই নবদ্বীপের বাড়িতে অবস্থান নিয়েছেন মাহিন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এর আগেও দুই দফায় ওই বাড়িতে এসেছিলেন মাহিন। তবে এবার বিয়ের দাবিতে সেখানে অবস্থান নিয়েছেন তিনি। দুজনের কেউই একসঙ্গে থাকার সিদ্ধান্ত থেকে সরে আসতে রাজি নন বলে জানা গেছে।
এ বিষয়ে বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আলী আকবর হিলালু বলেন, ঘটনাটি তার পাশের বাড়িতে ঘটেছে। খবর পেয়ে তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানিয়েছেন। পাশাপাশি মাহিনের পরিবারকেও বিষয়টি অবহিত করা হয়েছে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে কৌতূহল ও আলোচনা তৈরি হয়েছে।



