ষষ্ঠ স্ত্রীর সহযোগিতায় পঞ্চম স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

বাংলা টিভি ডেস্ক: মেহেরপুরে স্ত্রী তাহমিনা খাতুনকে হত্যার দায়ে শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে আরও ছয় মাস কারাভোগ করতে হবে তাকে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. গোলাম কবির এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম মুজিবনগর উপজেলার রশিকপুর রিফুজি পাড়ার দরুদ আলীর ছেলে।
মামলার নথি থেকে জানা যায়, নিজের আগের চারটি বিয়ের তথ্য গোপন করে প্রায় ২৪ বছর আগে সাহেবপুর গ্রামের তাহমিনা খাতুনকে বিয়ে করেন শহিদুল। এটি ছিল তার পঞ্চম বিয়ে। বিয়ের সময় যৌতুক হিসেবে নগদ দুই লাখ টাকা ও একটি গরু গ্রহণ করেন তিনি। এই দম্পতির সংসারে তিনটি কন্যাসন্তান রয়েছে।
পরবর্তী সময়ে আনোয়ারা খাতুন নামে আরেক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে তাকেও বিয়ে করেন শহিদুল। এটি ছিল তার ষষ্ঠ বিয়ে। এরপর অন্য স্ত্রীদের প্ররোচনায় তাহমিনা খাতুনকে তালাক দিয়ে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
ঘটনার পর পারিবারিক বিষয়টি মীমাংসার কথা বলে ২০১৮ সালের ১২ মার্চ তাহমিনাকে নিজের বাড়িতে ফিরিয়ে আনেন শহিদুল। কিন্তু ওই বছরের ১৫ মার্চ তার ওপর আবারও নির্যাতন চালানো হয়। নির্যাতন সহ্য করতে না পেরে তাহমিনা বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তাকে ধরে এনে ষষ্ঠ স্ত্রী আনোয়ারা খাতুনের সহযোগিতায় শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়। হত্যার ঘটনাকে আত্মহত্যা হিসেবে প্রচারেরও চেষ্টা করা হয়েছিল।
এ ঘটনায় নিহত তাহমিনার ভাই আলামিন বাদী হয়ে মুজিবনগর থানায় মামলা করেন। মামলাটির অভিযোগ নম্বর ১০০।
প্রথমে মামলাটি তদন্ত করেন পুলিশের উপপরিদর্শক সুব্রত কুমার পাল। ওই সময় শহিদুলকে আটক করা হয়। পরে তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি)। সংস্থাটির উপপরিদর্শক আনোয়ার জাহিদ পরবর্তী তদন্ত পরিচালনা করেন এবং ময়নাতদন্তের প্রতিবেদন সংগ্রহ করেন।
ময়নাতদন্তের প্রতিবেদনে হত্যার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। তদন্ত শেষে ২০১৯ সালের ২ নভেম্বর শহিদুল ইসলাম ও আনোয়ারা খাতুনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। পরে দণ্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় অভিযোগ গঠন করে বিচারকাজ শুরু হয়।
বিচার চলাকালে মামলায় মোট ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে শহিদুল ইসলামের বিরুদ্ধে আনা হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন বিচারক।
অন্যদিকে, মামলার অপর আসামি আনোয়ারা খাতুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস দিয়েছেন।
মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) এ এস এম সাইদুর রাজ্জাক টোটন এবং আসামিপক্ষে আইনজীবী আব্দুল মতিন মামলা পরিচালনা করেন।



