আ.লীগ ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদ, বাইরে থাকলে জঙ্গিবাদ: আখতার হোসেন

বাংলা টিভি ডেস্ক: আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদী কর্মকাণ্ড চালায়, আর ক্ষমতার বাইরে গেলে নাশকতা, জঙ্গিবাদ ও সন্ত্রাসের পথ বেছে নেয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে তাঁর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে আয়নাঘর প্রতিষ্ঠা করে দেশের মানুষকে গুম ও নির্যাতন করেছে। একই সঙ্গে দেশে গণহত্যার মতো ঘটনাও ঘটিয়েছে। ২০২৪ সালের আগে ক্ষমতায় থাকাকালে দলটির এসব কর্মকাণ্ডের নজির রয়েছে। বর্তমানে ক্ষমতার বাইরে থেকেও তারা নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।
তিনি আরও বলেন, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা, মুজিববিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় বিপুলসংখ্যক মানুষ গুম, খুন ও হত্যার শিকার হয়েছেন। এসব ঘটনার পরও আওয়ামী লীগ দেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনাকে প্রত্যর্পণে সরকারের কূটনৈতিক উদ্যোগের দাবি
শেখ হাসিনার বাংলাদেশে ফেরার বিষয়টি ব্যক্তিগতভাবে তাঁর দেশে আসার ওপর নির্ভরশীল নয় উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে দেশে ফিরিয়ে এনে আদালতের দেওয়া সাজা কার্যকর করার দায়িত্ব বর্তমান সরকারের।
তিনি বলেন, আজকের দিনেই এক বছর আগে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছিল। কিন্তু রায় ঘোষণার এক বছর এবং বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের নয় মাস পার হলেও তাঁকে দেশে ফিরিয়ে এনে বিচারিক প্রক্রিয়া কার্যকরের বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বিষয়টিকে সরকারের কূটনৈতিক ব্যর্থতা হিসেবে দেখছে এনসিপি।
ভারতের প্রতি সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান
ভারতের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন আখতার হোসেন। তাঁর অভিযোগ, ভারত সরকার আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের আশ্রয় ও সুযোগ-সুবিধা দিয়ে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ করে দিচ্ছে। তাঁর মতে, এ ধরনের অবস্থান আন্তর্জাতিক নিয়মেরও পরিপন্থী।
তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে স্বাভাবিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাইলে ভারতকে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনার প্রতি বিশেষ সহানুভূতিশীল রাজনৈতিক অবস্থান থেকে সরে আসতে হবে। বাংলাদেশের জনগণের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় টাঙ্গাইল জেলা এনসিপির আহ্বায়ক কামরুজ্জামান শাওন, সদস্যসচিব মাসুদুর রহমান রাসেলসহ দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



