বাংলাদেশ

দাঁতের চিকিৎসা নিতে গিয়ে নারীকে শ্লীলতাহানির অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

চাঁদপুর (ডিজিটাল) প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে দাঁতের চিকিৎসা করাতে গিয়ে এক নারী শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। অভিযুক্ত চিকিৎসক এইচ.এম.এ. আলী আকবর রনি। তিনি উপজেলার রূপসা বাজারের ডিজিটাল ডেন্টাল কেয়ারে ডিপ্লোমা চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি জামায়াতে ইসলামীর রূপসা (উত্তর) ইউনিয়ন শাখার সেক্রেটারি জেনারেল পদেও রয়েছেন বলে জানা গেছে।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে রূপসা বাজারের ওই চিকিৎসাকেন্দ্রে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন ভুক্তভোগী নারী। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে ভুক্তভোগী ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন পুলিশ সদস্যরা। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের হয়নি।

ভুক্তভোগী নারীর ভাষ্য অনুযায়ী, দাঁতে ক্যাপ লাগানোর জন্য তিনি চিকিৎসক আলী আকবর রনির কাছে যান। চিকিৎসার একপর্যায়ে চেম্বারে একা পেয়ে চিকিৎসক তাঁর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন বলে অভিযোগ করেন তিনি। এ সময় প্রতিবাদ জানালে চিকিৎসক তাঁর হাত চেপে ধরেন এবং একপর্যায়ে ধাক্কা দিয়ে চেম্বার থেকে বের করে দেন। পরে বিষয়টি পরিবারের সদস্য ও স্থানীয়দের জানান ওই নারী।

ভুক্তভোগীর আরও অভিযোগ, অভিযুক্ত চিকিৎসক স্থানীয় জামায়াতের নেতা হওয়ায় বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়ার কথা বলে দলটির কয়েকজন ব্যক্তি তাঁর বাবার সঙ্গে যোগাযোগ করেছেন।

ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আলম জানান, ৯৯৯-এ কল পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের উপস্থিতিতে ওই নারীর বক্তব্য শোনে। তিনি চিকিৎসকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলে ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। তবে চেম্বারে গিয়ে অভিযুক্ত চিকিৎসককে পাওয়া যায়নি। ভুক্তভোগীকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হলেও তখন তিনি অভিযোগ দায়ের করেননি।

এ বিষয়ে রূপসা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আজিম জানান, ঘটনার পর ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে তাঁকে ফোন করে চিকিৎসকের চেম্বারে যেতে বলা হয়। সেখানে চিকিৎসকের উপস্থিতিতেই ওই নারী তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলে ঘটনার বর্ণনা দেন। এ সময় ভুক্তভোগীর ভাইও উপস্থিত ছিলেন।

আজিমের ভাষ্য, অভিযোগের বিষয়ে চিকিৎসক দাবি করেন, চিকিৎসা দেওয়ার সময় রোগীর শরীরে হাত লাগতে পারে। পরে ওই নারীকে থানায় গিয়ে অভিযোগ করার পরামর্শ দিয়ে তিনি সেখান থেকে চলে যান। এরপর ভুক্তভোগী ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত চিকিৎসক আলী আকবর রনির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি। সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত তাঁর চেম্বার বন্ধ ছিল।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ওই চিকিৎসকের বিরুদ্ধে অতীতেও বিভিন্ন অভিযোগ উঠেছিল। তবে সেসব ঘটনায় কেউ আনুষ্ঠানিকভাবে থানায় অভিযোগ করেননি। বর্তমান ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। সেখানে ভুক্তভোগী নারী তাঁর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিবরণ দিয়েছেন। তবে তিনি কেন লিখিত অভিযোগ করেননি, সে বিষয়ে পুলিশের কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা তৈরি হয়েছে। অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং যথাযথ আইনগত পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button