বর্তমানে রিজার্ভ ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে প্রায় ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের প্রবাহ বাড়ানো এবং রিজার্ভ শক্তিশালী করতে সরকার বিভিন্ন নীতিগত সংস্কার ও উদ্যোগ বাস্তবায়ন করছে বলেও জানান তিনি।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে এক সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান জানান, ২০২৪ সালের ৮ আগস্ট বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৫ দশমিক ৯০ বিলিয়ন ডলার। অন্যদিকে, ২০২৬ সালের ১৯ অক্টোবর পর্যন্ত সেই রিজার্ভ বেড়ে প্রায় ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হলো প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থ। এই খাতের বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিদেশে বাংলাদেশি শ্রমিক পাঠানোর উদ্যোগ নিয়েছিলেন।
তিনি বলেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর পরিমাণ বাড়ানো, হুন্ডি প্রতিরোধ, অর্থ লেনদেনের প্রক্রিয়া সহজ করা এবং প্রবাসীদের দ্রুত অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
এ লক্ষ্যে দেশের তফসিলি ব্যাংক, বিদেশি এক্সচেঞ্জ হাউস এবং মানি ট্রান্সফার অপারেটরগুলোর মধ্যে ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট স্থাপনের প্রক্রিয়া সহজ করা হয়েছে। এতে বিদেশ থেকে দেশে অর্থ পাঠানোর নতুন সংযোগ স্থাপন সহজ হচ্ছে। পাশাপাশি প্রবাসীদের জন্য রেমিট্যান্স পাঠানোর বিকল্প মাধ্যম বাড়ছে এবং প্রতিযোগিতা বৃদ্ধির ফলে অর্থ স্থানান্তরের খরচও কমছে।
তারেক রহমান আরও জানান, বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করার জন্য প্রবাসীদের পাঠানো অর্থের বিপরীতে সরকার নগদ সহায়তা বা প্রণোদনা দিয়ে আসছে।
এ ছাড়া কম খরচে অর্থ পাঠানোর সুযোগ বাড়াতে এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে গ্রাহকের বৈদেশিক মুদ্রার হিসাবে সরাসরি রেমিট্যান্স পাঠানোর ব্যবস্থা চালুর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় সার্কুলার জারি করেছে।
প্রধানমন্ত্রী বলেন, রেমিট্যান্সের প্রবাহ বাড়ানো এবং তা অব্যাহত রাখতে নতুন ধারণা, প্রযুক্তি ও বিকল্প মাধ্যম নিয়ে সরকারের উদ্ভাবনী কার্যক্রম চলমান রয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে প্রবাসীদের জন্য অর্থ পাঠানোর প্রক্রিয়া আরও সহজ ও সাশ্রয়ী করার পাশাপাশি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার লক্ষ্য রয়েছে সরকারের।



