বাংলাদেশ

সিরাজগঞ্জে স্বর্ণালংকারের লোভে মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩

বাংলা টিভি ডেস্ক: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বর্ণালংকার হাতিয়ে নিতে নিজের মাকে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার রামকান্তপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে একটি বস্তার ভেতর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নারীর নাম মতিফুল বেগম (৫০)। তিনি রামকান্তপুর গ্রামের ছরোয়ার হোসেনের স্ত্রী। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নিহতের ছেলে আশরাফ আলী (২০), একই গ্রামের ময়ান প্রামাণিকের ছেলে আব্দুর রাহিম (২২) এবং স্থানীয় স্বর্ণকার আব্দুল জলিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মায়ের গলায় থাকা স্বর্ণের ধান তাবিজ ও কানের দুলের প্রতি লোভ তৈরি হয় মাদকাসক্ত ছেলে আশরাফ আলীর। এসব স্বর্ণালংকার পাওয়ার উদ্দেশ্যে তিনি মাকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা বাস্তবায়নে আব্দুর রাহিমকে সঙ্গে নেন তিনি।

অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে তারা দুজন মিলে মতিফুল বেগমের গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে হত্যার ঘটনা আড়াল করতে এবং মরদেহ গুম করার উদ্দেশ্যে সেটি বস্তাবন্দি করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় বস্তাবন্দি অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের ছেলে আশরাফ আলীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে প্রায় ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, এ ঘটনায় নিহতের মাদকাসক্ত ছেলে, তার এক সহযোগী এবং একজন স্বর্ণকারকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণালংকারের মূল্য প্রায় ২ লাখ ২০ হাজার টাকা। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button