সিঙ্গাপুরের মালিককে নিজের তিনতলা বাড়ি দেখাতে বাংলাদেশে আনলেন প্রবাসী

বাংলা টিভি ডেস্ক: সিঙ্গাপুরে দীর্ঘ ১৪ বছর প্রবাসজীবন কাটিয়ে কঠোর পরিশ্রম ও সঞ্চয়ের মাধ্যমে দেশে স্বপ্নের বাড়ি নির্মাণ করেছেন বাংলাদেশি প্রবাসী সুমন। নিজের সেই অর্জন দেখাতে এবার সিঙ্গাপুরের নিয়োগকর্তাকে বাংলাদেশে নিয়ে এসেছেন তিনি। কুমিল্লায় নির্মিত তিনতলা বাড়িটি ঘুরে দেখে সুমনের সাফল্যের প্রশংসা করেছেন তার নিয়োগকর্তাও।
সিঙ্গাপুরে নির্মাণ খাতে কর্মরত সুমন দীর্ঘদিনের উপার্জিত অর্থ দিয়ে কুমিল্লায় প্রায় ২ হাজার ৫০০ বর্গফুটের একটি বাড়ি তৈরি করেছেন। বাড়িটির নাম রেখেছেন ‘হোসেন ভিলা’। এটি নির্মাণে তার খরচ হয়েছে প্রায় ২ কোটি ৪২ লাখ টাকা।
সম্প্রতি ‘আল আমিন গ্রামীণ ব্লগ’ নামের একটি ফেসবুক পেজে বাড়ি পরিদর্শনের ভিডিও প্রকাশ করা হয়। এরপর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আগ্রহ তৈরি করে। ভিডিওতে সুমনকে নিজেই তার বাড়ির বিভিন্ন অংশ ঘুরিয়ে নিয়োগকর্তাকে দেখাতে দেখা যায়।
বাড়িটির প্রবেশপথে বাংলাদেশের পাশাপাশি সিঙ্গাপুরের পতাকাও শোভা পাচ্ছে। তিনতলা ভবনটিতে রয়েছে পাঁচটি শয়নকক্ষ, দৃষ্টিনন্দন বাগান এবং নান্দনিক নকশার প্যাঁচানো সিঁড়ি। সিঙ্গাপুরে বিভিন্ন অভ্যন্তরীণ নির্মাণ প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাড়িটির নকশায় সেখানকার স্থাপত্যশৈলীর কিছুটা প্রভাব রেখেছেন বলে ভিডিওতে জানান সুমন।
বাড়িটি ঘুরে দেখার পর সুমনের দীর্ঘদিনের পরিশ্রমে অর্জিত সাফল্যে সন্তোষ প্রকাশ করেন তার নিয়োগকর্তা। একই সঙ্গে ভবিষ্যতে সামর্থ্য অনুযায়ী সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর পরামর্শ দেন তিনি। পরিবারের সদস্যদের এক ছাদের নিচে রাখার জন্য এমন একটি বাড়ি নির্মাণ করায় সুমনের প্রশংসাও করেন ওই নিয়োগকর্তা।
ভিডিওতে সুমন জানান, দেশে বাড়ি নির্মাণ করলেও জীবিকার প্রয়োজনে এখনো সিঙ্গাপুরে কাজ করছেন তিনি। তার এই অর্জনের গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।
প্রবাসজীবনের দীর্ঘ সংগ্রাম, নিরলস পরিশ্রম এবং পরিকল্পিত সঞ্চয়ের মাধ্যমে নিজের স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার এক অনুপ্রেরণামূলক উদাহরণ হয়ে উঠেছে সুমনের ‘হোসেন ভিলা’।
সূত্র: এশিয়াওয়ান



