বাংলাদেশ

থাইল্যান্ডে নোয়াখালী-৩ আসনের এমপি বরকত উল্লাহ বুলু, পদত্যাগের খবর গুজব

বাংলা টিভি ডেস্ক: নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল। দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তিনি পদত্যাগ করেননি; বরং উন্নত চিকিৎসার জন্য বর্তমানে থাইল্যান্ডে অবস্থান করছেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত প্রায় এক মাস ধরে রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন বরকত উল্লাহ বুলু। পরবর্তী সময়ে এভারকেয়ার হাসপাতালেও তার চিকিৎসা চলে।

শারীরিক অবস্থার উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় মঙ্গলবার রাতে তিনি থাইল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়েন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বুধবার সকালে তাকে দেশটির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, সম্প্রতি বরকত উল্লাহ বুলুর পদত্যাগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা ও গুঞ্জন ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে বিএনপির পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করে জানানো হয়, পদত্যাগের খবরের কোনো সত্যতা নেই।

অন্যদিকে, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. উসমান ফারুকের দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন শাইরুল কবির খান।

তিনি জানান, ড. উসমান ফারুক এবং তার স্ত্রী দীর্ঘদিন ধরে গুরুতর শারীরিক অসুস্থতায় ভুগছেন। মূলত শারীরিক অসুস্থতার কারণে সাংগঠনিক দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়ায় তিনি দলীয় পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button