এক শর্তে সরকারের পাশে থাকার ঘোষণা দিল জামায়াত

বাংলা টিভি ডেস্ক: গণভোটের রায় মেনে নেওয়ার ঘোষণা দিলে বিরোধী দল হিসেবে সরকারের সব কাজে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তার মতে, সরকার গণভোটের জনরায় মেনে নিলে চলমান রাজনৈতিক সংকটের অবসান ঘটবে এবং জনগণের আস্থা পুনরুদ্ধার করা সম্ভব হবে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে সকাল ১১টায় দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে জনমনে উদ্বেগ রয়েছে। এসব বিষয় নিয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। সংসদের প্রধান বিরোধী দল হিসেবে বর্তমান পরিস্থিতিতে দলের করণীয় এবং জনগণের প্রতি বার্তা নির্ধারণ করা হয়েছে।
তিনি অভিযোগ করেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে জনগণের দেওয়া রায় উপেক্ষা করে সরকার একক কর্তৃত্ব প্রতিষ্ঠার পথে এগোচ্ছে। তার দাবি, জুলাই জাতীয় সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়েছিল এবং পরবর্তী সময়ে গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ এর পক্ষে মত দিয়েছেন। কিন্তু ক্ষমতাসীন দল সেই জনমতকে গুরুত্ব দিচ্ছে না।
গোলাম পরওয়ারের ভাষ্য, প্রায় পাঁচ কোটি মানুষের দেওয়া রায় উপেক্ষা করায় সরকারের প্রতি জনগণের আস্থায় নেতিবাচক প্রভাব পড়েছে। তার মতে, রাজনৈতিক দলগুলোর সম্মতিতে তৈরি একটি সনদ ক্ষমতায় যাওয়ার পর অস্বীকার করা রাজনৈতিক দ্বিচারিতার শামিল। গণভোটের সিদ্ধান্ত মেনে নিলে বর্তমান সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ
দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার প্রসঙ্গ তুলে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর গোপালগঞ্জ, ফরিদপুর, ভাঙ্গা, নড়াইল ও পিরোজপুরসহ বিভিন্ন স্থানে উত্তেজনা ও সহিংসতার ঘটনা ঘটছে বলে তারা জানতে পেরেছেন।
তিনি অভিযোগ করেন, বিভিন্ন স্থানে মহাসড়কে গাছ ফেলে ও রাস্তা বন্ধ করে যান চলাচলে বাধা দেওয়া হচ্ছে। গাড়িতে তল্লাশি, যাত্রীদের মারধর, অগ্নিসংযোগ এবং বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটছে। এমনকি জামায়াতের সংসদ সদস্যদের বাড়িতেও হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে দাবি করেন তিনি।
এ ছাড়া মসজিদের মাইকে ঘোষণা দিয়ে থানায় হামলা, থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়া এবং পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনাও তুলে ধরেন গোলাম পরওয়ার। তার অভিযোগ, এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না। অথচ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে বক্তব্য দিয়েছেন। সরকারের বক্তব্যের সঙ্গে মাঠপর্যায়ের পরিস্থিতির মিল নেই বলেও মন্তব্য করেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, জনগণের নিরাপত্তা ও সরকারি স্থাপনা রক্ষার দায়িত্ব সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে রাষ্ট্রের সাংবিধানিক অভিভাবক হিসেবে রাষ্ট্রপতির ভূমিকা নেওয়া প্রয়োজন।
আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ
প্রশাসনের একটি অংশের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন জামায়াতের এই নেতা। তার দাবি, প্রশাসন, পুলিশ, বিচার বিভাগসহ সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানে এখনো ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা দায়িত্ব পালন করছেন।
সীমান্তের ওপার থেকে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের দেশে প্রবেশের খবরও তারা পাচ্ছেন বলে জানান তিনি। এসব ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান গোলাম পরওয়ার।
তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ফ্যাসিবাদবিরোধী অবস্থান বজায় রাখতে দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশে যেন আর কখনো ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না ঘটে, সে লক্ষ্যেই জামায়াত ডিসেম্বরজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করবে।
আগামী ২১ নভেম্বর শনিবার রাজধানীতে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে সমাবেশ এবং বিক্ষোভ মিছিল আয়োজনের ঘোষণাও দেন তিনি। মাসব্যাপী অন্যান্য কর্মসূচির বিস্তারিত পরবর্তী সংবাদ সম্মেলনে জানানো হবে বলে উল্লেখ করেন। একই সঙ্গে অন্যান্য রাজনৈতিক দল ও ফ্যাসিবাদবিরোধী শক্তিকে নিজ নিজ অবস্থান থেকে কর্মসূচি নিয়ে মাঠে থাকার আহ্বান জানান তিনি।
গণভোটের রায় মানলে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, এ দাবিতে তারা লংমার্চ, সভা-সমাবেশসহ নানা কর্মসূচি পালন করেছেন। রাজধানী থেকে করিমগঞ্জ পর্যন্ত লংমার্চের মাধ্যমেও জনমত তৈরির চেষ্টা করা হয়েছে।
তিনি জানান, বুধবার সংসদের শেষ কার্যদিবস হওয়ায় প্রধানমন্ত্রীর সমাপনী বক্তব্যের দিকে তাকিয়ে রয়েছে দেশবাসী। সেখানে জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে চলমান সংকট সমাধানে সরকারের অবস্থান স্পষ্ট করা হবে বলে প্রত্যাশা করছেন তারা।
গোলাম পরওয়ারের বক্তব্য, রাজপথে সংঘাতের পরিবর্তে সংসদের ভেতরেই রাজনৈতিক সমস্যার সমাধান হওয়া উচিত। সরকার শুধু গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষের দেওয়া রায় মেনে নেওয়ার ঘোষণা দিলেই জামায়াত তাদের চলমান সব কর্মসূচি প্রত্যাহার করবে। এরপর সংবিধান সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়নে সরকার ও বিরোধী দল সংসদীয় প্রক্রিয়ায় একসঙ্গে কাজ করতে পারবে।
তবে সরকারের সঙ্গে সহযোগিতার বিষয়টি আনুষ্ঠানিক কোনো শর্তের ভিত্তিতে নয় বলেও স্পষ্ট করেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, সরকার বা সরকারি দলের পক্ষ থেকে জামায়াতের কাছে সহযোগিতার বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব আসেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন বক্তব্যকে এ ধরনের প্রস্তাব হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।
পোশাকশিল্পের অস্থিরতা নিয়েও বক্তব্য
দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির পাশাপাশি এসব অস্থিরতার পেছনে উসকানির বিষয়ও রয়েছে বলে তারা মনে করেন। একটি পক্ষ দেশের শিল্প ও অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে চায় বলেও অভিযোগ করেন তিনি।
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি শিল্পকারখানার নিরাপত্তা বজায় রাখতে মালিকপক্ষের প্রতি আহ্বান জানান গোলাম পরওয়ার। তার মতে, শ্রমিক ও শিল্প—উভয়ের স্বার্থ রক্ষায় ভারসাম্যপূর্ণ উদ্যোগ প্রয়োজন। এ সংকট সমাধানে জামায়াত সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান তিনি।
আওয়ামী লীগ ও বিএনপির বিষয়ে অবস্থান
আওয়ামী লীগের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে গোলাম পরওয়ার বলেন, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার বিষয়ে জামায়াতের কোনো সমর্থন নেই। বরং সরকার তাদের দেশে ফিরিয়ে আনার জন্য কোনো উদ্যোগ নিচ্ছে কি না, সে বিষয়ে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
অন্যদিকে বিএনপির সঙ্গে একযোগে রাজনৈতিক কর্মসূচি পালনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জামায়াত ও বিএনপি পৃথক রাজনৈতিক দল। বিএনপি সরকার পরিচালনা করছে এবং জামায়াত সংসদে বিরোধী দলের দায়িত্ব পালন করছে। তবে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণের সঙ্গে জামায়াত ঐক্যবদ্ধ রয়েছে। সংসদ ও রাজপথ—উভয় জায়গায় নিজস্ব অবস্থান থেকে তারা কাজ করছেন।
সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমানসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।



