রাজনীতি

সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি এনসিপির

বাংলা টিভি ডেস্ক: সংবিধান সংশোধনের জন্য গঠিত কমিটিকে ‘একদলীয়’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর অভিযোগ, এই কমিটি সংস্কার কার্যক্রম এবং জুলাই সনদ বাস্তবায়নের পথে বাধা সৃষ্টি করছে।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। বৈঠকে এনসিপির একটি প্রতিনিধি দল অংশ নেয়। এ সময় দেশের সামগ্রিক পরিস্থিতি, সমসাময়িক রাজনৈতিক সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

নাহিদ ইসলাম বলেন, সাম্প্রতিক সময়ে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। এতে সরকারি দল, বিরোধী দল, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক নেতাকর্মী এবং জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ বিভিন্ন স্থানে সন্ত্রাস ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটাচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। ফ্যাসিবাদ ও জুলাই গণঅভ্যুত্থানের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বৈঠকে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান সংকট হঠাৎ তৈরি হয়নি। নির্বাচনের পর গত সাত থেকে আট মাস ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, আওয়ামী লীগের বিষয়ে কঠোর অবস্থানের অভাব এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বিষয়গুলো স্পষ্ট না করার কারণে পরিস্থিতির অবনতি হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্য গড়ে তুলতে হলে জুলাই গণঅভ্যুত্থান, সংস্কার, বিচার এবং দেশের সার্বভৌমত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে ঐক্য প্রক্রিয়ায় সংস্কারকে অন্যতম প্রধান আলোচ্য বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন তাঁরা।

সংবিধান সংশোধন কমিটি প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান একদলীয় কমিটি সংস্কার কার্যক্রম, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদ কার্যকরের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। এ কারণে কমিটিটি বাতিলের সুপারিশ করেছে এনসিপি। পাশাপাশি গণভোটে জনগণের দেওয়া রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তাঁরা।

নাহিদ আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই শুরু হয়েছিল, তা এখনো শেষ হয়নি। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী ও টেকসই করা না গেলে জনগণের আস্থা অর্জন সম্ভব হবে না। এর নেতিবাচক প্রভাব পড়বে দেশের অর্থনীতি ও বিনিয়োগের পরিবেশেও।

তাঁর মতে, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং দেশের ভবিষ্যৎ স্থিতিশীল করতে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া এখন অত্যন্ত জরুরি।

সংশ্লিষ্ট খবর

Back to top button