আন্তর্জাতিক

ট্রাম্পের ফোনই ধরছেন না কিম, ফিরিয়ে দিলেন চিঠিও!

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে দেশটির নেতা কিম জং-উনের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ লক্ষ্যে টেলিফোনসহ বিভিন্ন কূটনৈতিক মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাননি তিনি। এমনকি কিমের কাছে পাঠানো ব্যক্তিগত চিঠিও গ্রহণ করেনি পিয়ংইয়ং। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, গত বছর থেকে বিভিন্ন উপায়ে কিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে আসছিলেন ট্রাম্প প্রশাসন। কিন্তু উত্তর কোরিয়ার পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় শেষ পর্যন্ত ব্যক্তিগত চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেয় হোয়াইট হাউস।

চিঠিটি নিউইয়র্কে জাতিসংঘে অবস্থিত উত্তর কোরিয়ার মিশনের মাধ্যমে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। এ জন্য মিশনের বাইরে অপেক্ষায় ছিলেন মার্কিন কর্মকর্তারা। একপর্যায়ে উত্তর কোরিয়ার একজন কূটনীতিক সেখানে এলে তাঁর হাতে চিঠিটি তুলে দেওয়া হয়। তবে প্রতিবেদনের দাবি, পরবর্তী সময়ে জাতিসংঘের একটি বৈঠকে ওই কূটনীতিক চিঠিটি না খুলেই মার্কিন প্রতিনিধির কাছে ফিরিয়ে দেন।

এর আগে ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৮ ও ২০১৯ সালে কিম জং-উনের সঙ্গে তিন দফা সরাসরি বৈঠক হয়েছিল। তবে এসব বৈঠক থেকে উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে কোনো চূড়ান্ত সমঝোতা আসেনি। ২০১৯ সালে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে অনুষ্ঠিত দ্বিতীয় বৈঠক ব্যর্থ হওয়ার পর একই বছরের জুনে পানমুনজমে শেষবারের মতো সাক্ষাৎ করেন দুই নেতা।

এবারের পরিস্থিতি অবশ্য আগের তুলনায় অনেক বেশি জটিল। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (সিপ্রি) তথ্য অনুযায়ী, ২০১৯ সালে উত্তর কোরিয়ার পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা আনুমানিক ২০ থেকে ৩০টি থাকলেও ২০২৬ সালের জানুয়ারিতে তা বেড়ে প্রায় ৬০টিতে পৌঁছেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম কঠিন জ্বালানিচালিত আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতেও অগ্রগতি অর্জন করেছে দেশটি।

এদিকে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে পিয়ংইয়ংয়ের সম্পর্কও আরও ঘনিষ্ঠ হয়েছে। রাশিয়াকে অস্ত্র ও সেনাসদস্য দিয়ে সহযোগিতার পাশাপাশি দেশটির সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি করেছে উত্তর কোরিয়া। অন্যদিকে, ক্রিপ্টোকারেন্সি চুরির মাধ্যমে বিপুল অর্থ সংগ্রহের অভিযোগও রয়েছে দেশটির বিরুদ্ধে। সম্প্রতি বিন্যান্স থেকে ৬০০ কোটি ডলারের বেশি মূল্যের ক্রিপ্টো সম্পদ চুরির ঘটনায় উত্তর কোরিয়াকে দায়ী করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।

এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের বিষয়ে কিমের অবস্থানও কঠোর। চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি জানিয়ে দেন, ওয়াশিংটনকে উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে অবস্থান মেনে নিতে হবে। অন্যথায় দুই দেশের মধ্যকার সংঘাতপূর্ণ পরিস্থিতির অবসান সম্ভব নয়।

সব মিলিয়ে উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতা বৃদ্ধি, রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অনাগ্রহের কারণে কিম-ট্রাম্প সম্ভাব্য বৈঠক নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। কূটনৈতিক উদ্যোগ অব্যাহত থাকলেও আপাতত দুই দেশের মধ্যে নতুন করে আলোচনার পথ সহজ হচ্ছে না।

সংশ্লিষ্ট খবর

Back to top button