বাংলাদেশ

সিঁধ কেটে ঘরে ঢুকে প্রতিবন্ধী নারীকে হত্যা, স্বর্ণালংকার লুট

বাংলা টিভি ডেস্ক: বগুড়ার মোকামতলায় ঘরের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে আমিজা খাতুন (৪৬) নামে এক প্রতিবন্ধী নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার নাক ও কান থেকে স্বর্ণালংকার খুলে নিয়ে যায় তারা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নিজ বাড়ির শয়নকক্ষের বিছানা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আমিজা খাতুন শংকরপুর মাস্টারপাড়া গ্রামের মৃত জিন্না মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, শারীরিক প্রতিবন্ধী আমিজার কোনো সন্তান ছিল না। প্রায় আট বছর আগে স্বামীর মৃত্যুর পর থেকে তিনি বাড়িতে একাই থাকতেন। জীবিকা নির্বাহের জন্য বাড়ির কাছেই এমএইচ উচ্চবিদ্যালয়ের সামনে একটি মুদি দোকান পরিচালনা করতেন।

সোমবার রাতে কোনো একসময় দুর্বৃত্তরা তার টিনের ঘরের পশ্চিম পাশের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে। পরদিন মঙ্গলবার সকাল ১০টা পেরিয়ে গেলেও আমিজা দোকান খুলতে না আসায় প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তাকে খুঁজতে গিয়ে ঘরের দরজা বন্ধ দেখতে পান তারা।

এ সময় ঘরের পশ্চিম পাশের বেড়া কাটা অবস্থায় নজরে এলে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন স্থানীয়রা। সেখানে বিছানার ওপর আমিজার নিথর দেহ পড়ে থাকতে দেখেন তারা। তার মুখে কাঁথা ও বালিশ চাপা দেওয়া ছিল। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আলমাস আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ঘরের বেড়া কেটে ভেতরে ঢুকে আমিজার নাক ও কান থেকে স্বর্ণালংকার নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি জেগে উঠলে মুখে বালিশ ও কাঁথা চেপে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

তিনি আরও জানান, নিহতের গলায় কালচে দাগ পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সংশ্লিষ্ট খবর

Back to top button