
স্পোর্টস ডেস্ক: ফুটবল ম্যাচে লাল কার্ড দেখার পর ড্রেসিংরুমে চলে গিয়েছিলেন এক খেলোয়াড়। কিন্তু কিছুক্ষণ পর ছুরি হাতে আবার মাঠে ফিরে প্রতিপক্ষ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ভয়ভীতি দেখাতে শুরু করেন তিনি। ইতালির সিসিলিতে অনুষ্ঠিত একটি অপেশাদার ফুটবল ম্যাচে ঘটেছে এমন নজিরবিহীন ঘটনা।
এই ঘটনার পর নিরাপত্তার স্বার্থে ম্যাচটি বন্ধ করে দেন রেফারি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও ডাকতে হয় আয়োজকদের। তবে এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ঘটনাটি ইতালির তৃতীয় ডিভিশনের একটি ম্যাচে। মুখোমুখি হয়েছিল গ্যালাকটিক পাওলিনি ও অ্যাথলেটিক পারতান্না। ম্যাচ চলাকালে গ্যালাকটিক পাওলিনির ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় ডেল পাওলিনি প্রথমে প্রতিপক্ষ দলের বেঞ্চের সামনে অশালীন অঙ্গভঙ্গি করেন। এ ঘটনায় তাকে হলুদ কার্ড দেখান রেফারি। পরে প্রতিপক্ষ দলের এক খেলোয়াড়কে লাথি মারলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
এ ঘটনার পর ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রেফারি ভিনসেঞ্জো পার্নিস তাকে সরাসরি লাল কার্ড দেখান। এ সময় খেলোয়াড়কে রক্ষা করতে গিয়ে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন গ্যালাকটিকের কোচ কালান্দ্রা। তাকেও লাল কার্ড দেখানো হয়।
তবে মাঠের উত্তেজনা সেখানেই থেমে থাকেনি। লাল কার্ড পাওয়ার পর ড্রেসিংরুমে চলে যান পাওলিনি। কয়েক মিনিট পর হাতে ছুরি নিয়ে আবার মাঠে প্রবেশ করেন তিনি। এরপর প্রতিপক্ষ অ্যাথলেটিক পারতান্নার বেঞ্চের সামনে গিয়ে হুমকি দিতে শুরু করেন। একপর্যায়ে দলের এক কর্মকর্তার গলায় ছুরি ধরে ভয় দেখান তিনি।
এমন পরিস্থিতিতে খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন রেফারি।
ঘটনার পর ইতালির ফুটবল কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে অ্যাথলেটিক পারতান্না। পাশাপাশি ভবিষ্যতে খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে ক্লাবটি।



