
বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা ইমরান হাশমি ও অভিনেত্রী জেনেলিয়া দেশমুখকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে। সম্প্রতি ‘ইন্ডিয়ান আইডল: লেজেন্ডস রিটার্ন’-এর একটি বিশেষ পর্বে হাজির হয়ে অপ্রত্যাশিত এক রোমান্টিক দৃশ্যের মাধ্যমে দর্শকদের চমকে দেন এই তারকা জুটি। তবে অনুষ্ঠানটির সেই মুহূর্ত প্রকাশ্যে আসার পর প্রশংসার পাশাপাশি সমালোচনারও মুখে পড়েছেন তারা।
অনুষ্ঠানে ছবির প্রচারের পাশাপাশি বিচারক হিমেশ রেশমিয়ার সুরে তৈরি জনপ্রিয় গান ‘দর্দ-এ-দিল দর্দ-এ-জিগর’ নিয়েও আলোচনা হয়। একপর্যায়ে গানটির সঙ্গে মিল রেখে পুরোনো একটি রোমান্টিক দৃশ্য নতুনভাবে উপস্থাপন করেন ইমরান ও জেনেলিয়া।
ভিডিওতে দেখা যায়, একটি বেঞ্চে বসে রয়েছেন জেনেলিয়া দেশমুখ। এ সময় তার কাছে এগিয়ে যান ইমরান হাশমি। এরপর হাত ব্যবহার না করে মুখ দিয়েই জেনেলিয়ার কান থেকে একটি দুল খুলে নেন তিনি। আকস্মিক এই দৃশ্য দেখে অনুষ্ঠানে উপস্থিত প্রতিযোগীদের কেউ বিস্মিত হন, আবার কেউ উচ্ছ্বাস প্রকাশ করেন।
মূলত আসন্ন সিনেমা ‘গানমাস্টার জি৯’-এর প্রচারণার অংশ হিসেবেই এমন রোমান্টিক মুহূর্তের অবতারণা করেন দুই অভিনেতা। আগামী শুক্রবার (২৭ নভেম্বর) সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
অনুষ্ঠানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। বিশেষ করে জেনেলিয়ার স্বামী অভিনেতা রীতেশ দেশমুখকে প্রসঙ্গ টেনে এনে মন্তব্য করছেন নেটিজেনদের একাংশ।
একজন মন্তব্য করেছেন, অন্য কোনো নারী যদি রীতেশ দেশমুখের সঙ্গে এমন আচরণ করতেন, তাহলে জেনেলিয়া কীভাবে বিষয়টি নিতেন? আরেকজন লিখেছেন, ইমরান হাশমির সঙ্গে জুটি বাঁধলে এমন রোমান্টিক দৃশ্য তো থাকবেই।
তবে সমালোচনার বিপরীতে ইমরান ও জেনেলিয়ার পক্ষেও অবস্থান নিয়েছেন অনেক ভক্ত। তাদের মতে, দুজনই পেশাদার অভিনেতা এবং সিনেমার প্রচারণার অংশ হিসেবেই দৃশ্যটি উপস্থাপন করেছেন। তাই বিষয়টি নিয়ে অযথা সমালোচনার কোনো প্রয়োজন নেই।
সব মিলিয়ে সিনেমার প্রচারণার পাশাপাশি ইমরান-জেনেলিয়ার এই বিশেষ মুহূর্ত এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।



