সারা রাত ছিলেন বাসে, ফজরের নামাজ পড়ে এসে দেখেন জ্বালিয়ে দিয়েছে

বাংলা টিভি ডেস্ক: লক্ষ্মীপুরের রামগঞ্জে সড়কের পাশে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটি পুড়ে যাওয়ার পাশাপাশি পাশের একটি দোকানের সাইনবোর্ড ও সিসিটিভি ক্যামেরাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে রামগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার রেস্টহাউসের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা রেজাউল করীম।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসটির চালক মমিন হোসেন বুধবার রাতে বাসটি ঘটনাস্থলে রেখে যান। এ সময় বাসের হেলপার হেলাল প্রতিদিনের মতো গাড়ির ভেতরেই ঘুমিয়ে ছিলেন। ভোরে ফজরের নামাজ আদায় করতে তিনি পাশের মসজিদে যান। নামাজ শেষে ফিরে এসে বাসটিতে আগুন জ্বলতে দেখতে পান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত বাসটির মালিক স্থানীয় কাজিরখিল চৌকিদার বাড়ির আমজাদ হোসেন জানান, অগ্নিকাণ্ডে তার বাসটি পুড়ে ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।
এদিকে বাসের আগুন ছড়িয়ে পাশের ‘রাজু অটো’ নামের দোকানের সাইনবোর্ড ও সিসিটিভি ক্যামেরাও পুড়ে যায়। দোকানটির মালিক ইউছুফ আলী বাবু জানান, অগ্নিকাণ্ডে তার প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে। বাসটি ওই স্থানে পার্কিং না করার জন্য আগে থেকেই চালককে নিষেধ করা হয়েছিল বলেও দাবি করেন তিনি।
রামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা রেজাউল করীম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তাদের পৌঁছানোর আগেই বাসটির অধিকাংশ পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
অন্যদিকে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।



