বাংলাদেশ

কুষ্টিয়া জেলা কারাগারের ফটক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, নিরাপত্তা জোরদার

কুষ্টিয়া প্রতিনিধি (ডিজিটাল): কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর ৫টার দিকে মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি এ হামলা চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ককটেলটি বিস্ফোরিত হলে বিকট শব্দে কারাগার ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। ঘটনার পর কারাগারসহ আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

পুলিশ, কারা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি কুষ্টিয়া জেলা কারাগারের সামনে আসে। পরে সড়কের ওপর থেকে কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে একটি ককটেল ছুড়ে মারে তারা। বিস্ফোরণের পরপরই মোটরসাইকেল নিয়ে দ্রুত সেখান থেকে সটকে পড়ে দুর্বৃত্তরা।

ঘটনার পর পুলিশ আশপাশের বিভিন্ন স্থানে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। এসব ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার শরিফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলে করে আসা তিন ব্যক্তি সড়কের ওপর থেকে কারাগার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। তবে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। তাদের পরিচয় নিশ্চিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button