তাপমাত্রা কমে পঞ্চগড়ে বাড়ছে শীতের প্রকোপ, তেঁতুলিয়ায় ১৩.১ ডিগ্রি

বাংলা টিভি ডেস্ক: উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে জেঁকে বসতে শুরু করেছে শীত। তাপমাত্রা কমার পাশাপাশি হালকা কুয়াশা ও রাতভর বয়ে চলা ঠান্ডা বাতাসে বেড়েছে শীতের অনুভূতি। মাত্র এক দিনের ব্যবধানে জেলার তাপমাত্রা কমেছে ১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার সকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৯ শতাংশ। এর আগের দিন শুক্রবার (২৭ নভেম্বর) একই এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
গত কয়েক দিনের তাপমাত্রার পরিসংখ্যানেও ওঠানামার চিত্র দেখা গেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। পরদিন বুধবার তা কমে ১৩ দশমিক ৫ ডিগ্রিতে নেমে আসে। বৃহস্পতিবার আবার বেড়ে দাঁড়ায় ১৪ ডিগ্রিতে। শুক্রবার তাপমাত্রা আরও বেড়ে ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস হলেও শনিবার এক লাফে কমে ১৩ দশমিক ১ ডিগ্রিতে পৌঁছায়।
স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলায় সূর্যের আলো থাকায় শীতের তীব্রতা খুব একটা বোঝা যায় না। তবে বিকেলের পর থেকেই ঠান্ডা বাড়তে শুরু করে। বিশেষ করে রাত ও ভোরের দিকে হিমেল বাতাসের কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। সকালে কুয়াশার পরিমাণ তুলনামূলক কম থাকলেও ঠান্ডা বাতাসের প্রভাব স্পষ্ট।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, এ অঞ্চলে তাপমাত্রা ক্রমেই নিম্নমুখী হচ্ছে। আগামী ডিসেম্বর মাসে পঞ্চগসহ আশপাশের এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার এমন পরিবর্তনে পঞ্চগড়ে শীতের আগমনী বার্তা আরও স্পষ্ট হয়ে উঠছে।



