ছেলের জন্য পাত্রী দেখে আর বাড়ি ফেরা হলো না বাবার

বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ে ছেলের বিয়ের জন্য পাত্রী দেখে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হেলাল উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর পরিবারের আরও চার সদস্য আহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের গোপীনাথপুর পাক্কার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলাল উদ্দিন নিজেই সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে পরিবারের সদস্যদের নিয়ে ছেলের জন্য পাত্রী দেখতে গিয়েছিলেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে মিরসরাইয়ের বারইয়ারহাট এলাকা থেকে পরিবারের পাঁচ সদস্যকে সঙ্গে নিয়ে আবুরহাটে পাত্রী দেখতে যান হেলাল উদ্দিন। পাত্রী দেখা শেষে ফেরার পথে গোপীনাথপুর পাক্কার মাথা এলাকায় পৌঁছালে তাঁর চালিত অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খালে পড়ে যায়।
এ সময় অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন হেলাল উদ্দিন। তাঁর সঙ্গে থাকা পরিবারের অন্য চার সদস্যও দুর্ঘটনায় আহত হন।
পরে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর হেলাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত বাকি চারজনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারিয়া শিল্পী জানান, দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের মধ্যে হেলাল উদ্দিনকে পরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়। অন্য চারজনের মধ্যে কেউ হাতে, আবার কেউ পায়ে আঘাত পেয়েছেন। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ছেলের বিয়ের জন্য পাত্রী দেখে ফেরার সময় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে এবং পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
ছেলের বিয়ের জন্য পাত্রী দেখে ফেরার পথেই এমন মর্মান্তিক দুর্ঘটনায় পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।



