আন্তর্জাতিকইন্ডিয়া

ভারতে মন্দিরে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রামগড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। নিহতরা একটি গাড়িতে করে মন্দিরে যাচ্ছিলেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

রোববার (২৯ নভেম্বর) রাত ২টার দিকে রামগড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ১৩ জনের সবাই বিহার রাজ্যের নালন্দা জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

রামগড়ের সাব-ডিভিশনাল পুলিশ অফিসার অলোক রঞ্জন বার্তা সংস্থা পিটিআইকে জানান, গাড়িটিতে তিনজন নারীসহ মোট ১৩ জন যাত্রী ছিলেন। পথে সামনের একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হলে তাঁদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

এদিকে রামগড় সদর হাসপাতালের সিভিল সার্জন চিকিৎসক অনিল কুমার জানান, দুর্ঘটনার পর রাত আড়াইটার দিকে ১৪ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁদের মধ্যে ১৩ জনকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

তবে কী কারণে এবং কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রম চলছে বলে জানা গেছে।

সূত্র: এনডিটিভি ও পিটিআই

সংশ্লিষ্ট খবর

Back to top button