আছাড় দিয়ে ১৪ মাসের শিশুকে হত্যা

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ১৪ মাস বয়সী ফাতেমা নামে এক শিশুকে হত্যা করা হয়েছে। গতকাল স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। এ ঘটনার পর থেকে ঘাতক সাজু পলাতক রয়েছেন।
স্থানীয়রা জানান, হাটশেরপুর গ্রামে সাইদুল আকন্দ ও সাজুর পরিবার পাশাপাশি বসবাস করেন। রোববার বিকেলে গ্রামের রাস্তায় খেলা করছিল সাজুর ছেলে টিটু ও সাইদুলের মেয়ে ফাতেমা। এক পর্যায়ে টিটুর কান্না শুনে বাবা সাজু বাড়ি থেকে বের হন এবং ওই রাস্তায় গিয়ে ফাতেমাকে আছাড় দেন।
পরে ফাতেমাকে আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা ফাতেমাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
কিন্তু টাকার অভাবে ঢাকায় নিয়ে যেতে না পেরে সোমবার রাতে ফাতেমাকে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ফাতেমা মারা যায়।



