
আসাদ রিয়েল : বিদেশী পর্যটক আকৃষ্ট করতে দেশের বিভিন্ন অঞ্চলে এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন করা হবে, সেখানে পাসপোর্ট দেখিয়ে যাওয়া যাবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক।
মঙ্গলবার সকালে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য্ জানান তিনি। পর্যটন সচিব বলেন, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও কক্সবাজারে হবে এই এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন।
তিনি আরও বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বিদেশিদের জন্য সেখানে ক্যাসিনোর ব্যবস্থা থাকবে। তবে ঢাকায় অবৈধ ক্যাসিনোর বিরুদ্ধে যে অভিযান চলছে, তার সঙ্গে একমত প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী জানান, প্রতিবছরের মতো এবারও ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মানুষের মধ্যে জাগরণ তৈরি করে পর্যটনে সম্পৃক্ত করাই হবে প্রধান লক্ষ্য।
বাংলাটিভি/ নূর



