‘বরাদ্দকৃত অর্থ কোথায় গেছে, খুঁজে বের করা হবে’

আব্দুল হামিদ, নিউইয়র্ক : দুর্নীতিবাজরা কেউ ছাড় পাবে না বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, গেলো দশ বছরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থ কোথায় গেছে, তা খুঁজে বের করা হচ্ছে। সে অর্থের পুরোটার সদ্ব্যবহার হলে দেশ আরো এগিয়ে যেতো বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। শনিবার নিউইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনায় এমন মন্তব্য করেন শেখ হাসিনা।
২৮ সেপ্টেম্বর নিজের ৭৩ তম জন্মদিনে নিউইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান দলীয় নেতাকর্মী এবং প্রবাসী বাংলাদেশীরা।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, গেলো দশ বছরের উন্নয়ন প্রকল্পে বরাদ্দ সব টাকা সঠিকভাবে ব্যবহার হলে দেশ আরও বেশি এগিয়ে যেতো। ওই টাকার খোঁজ করা হচ্ছে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, জঙ্গি, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। সবাইকে সাবধান হওয়ার পরামর্শও দেন তিনি।
এসময় বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের কঠোর সমালোচনা করেন প্রধানমন্ত্রী। গতনির্বাচনে বিএনপি’র অংশগ্রহণের আন্তরিকতা ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
এর আগে শনিবার দুপুরে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেজের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। আজ রাতে দেশের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।
বাংলাটিভি/ নূর



