নবীগঞ্জে জনপ্রিয় হয়ে উঠেছে ‘তথ্য আপা’

মতিউর রহমান, নবীগঞ্জ : ডিজিটাল বাংলাদেশ গড়তে সরকারের নতুন ‘তথ্য আপা’ সেবাটি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে ছাত্রী ও সুবিধাবঞ্চিত তৃণমূল পর্যায়ে নারীদের কাছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারী ক্ষমতায়নের উদ্দেশ্যে প্রকল্পটি হাতে নিয়েছে সরকার।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের এ প্রকল্প বাস্তবায়ন করছে, জাতীয় মহিলা সংস্থা। তথ্য আপার কাজ হলো, তৃণমূল পর্যায়ের নারীদের শিক্ষা,স্বাস্থ্য, কৃষি,ব্যবসা, জেন্ডার, আইন এই ৬টি বিষয়ে তথ্য দিয়ে সহায়তা করা। সারাদেশে ৪শ ৯০টি উপজেলায় ”তথ্যআপা” সেবা কার্যক্রম চালু করা হয়েছে।
হবিগঞ্জের নবীগঞ্জে গত কয়েক মাসে বাল্যবিয়ে, নারী নির্যাতন বন্ধ, যৌতুক নিরোধসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের বিনামূল্যে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে আসছে তথ্যআপা।
নবীগঞ্জ তথ্যসেবা কর্মকর্তা নাহিদা আক্তার বলেন, নবীগঞ্জে এ প্রকল্প চালু হওয়ার পর গত ৪ মাসে দেড় হাজার নারী সেবা নিয়েছেন।প্রতিদিন তথ্যআপার কার্যালয়ে এসে সেবা নিচ্ছে, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিনামূল্যে প্রতিষ্ঠানে আবেদনসহ নানা সেবা পেয়ে আনন্দিত তারা।
সরকারের এমন মহতী উদ্যোগে সমাজে পিছিয়ে পড়া নির্যাতিত নারীরা নতুন করে স্বপ্ন দেখবেন বলে মনে করছেন নবীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম।
তথ্য আপার বিভিন্ন কার্যক্রম তুলে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসান বলেন, সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নবীগঞ্জের তৃণমূল নারীদের দোরগোড়ায় তথ্যসেবা পৌঁছে দেয়া হচ্ছে। তথ্যআপা প্রকল্পের মাধ্যমে নারী সমাজ দ্রুত এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।



