অন্যান্যবাংলাদেশ

সাংবাদিককে ফাঁসানোর চেষ্টা, এসআই ক্লোজড

সৌরভ নূর : শনিবার মধ্যরাতে রাজধানীর আজিমপুরে পকেটে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছেন অভিযোগকারী সাংবাদিক। এসময় সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

অভিযোগ ‍উঠেছে লালবাগ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) কালামের বিরুদ্ধে। প্রাথমিকভাবে তাকে ক্লোজড করা হয়েছে।

সাংবাদিক কাজী মোবারক বলেন, শনিবার রাতে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে বাসায় ফিরছিলাম। বাসার সামনের রাস্তায় লালবাগ থানার এসআই কালাম ও এক কনস্টেবল আমার পথরোধ করে জোর করে গাড়িতে ওঠানোর চেষ্টা করেন।

গাড়িতে উঠতে না চাইলে এসআই আমাকে বলেন, তোকে ইয়াবা দিয়ে মামলা দেব। মামলা না খেতে চাইলে গাড়িতে ওঠ। তা সত্ত্বেও গাড়িতে না উঠলে তিনি আমাকে মারধর করেন।

তিনি আরও বলেন, এ সময় আমাদের আরেকটি গাড়িটি সেখানে এসে পৌঁছায়। এর মধ্যে লালবাগ থানার পরিদর্শক আসলাম ঘটনাস্থলে চলে আসেন। তিনি এসেই এনটিভির সাংবাদিক ফখরুল শাহীনকে থাপ্পড় মারেন।

এক পর্যায়ে আমার কলার ধরে টেনে গাড়িতে তুলতে যান। তখন আমার সঙ্গে থাকা বিয়ের অনুষ্ঠানের অতিথি ১০-১২ জন সাংবাদিক আমাকে তার কাছ থেকে রক্ষা করেন।

এ ঘটনার পর লালবাগ থানার ওসি কেএম আশরাফ জানান, আমরা খবর পেয়েছি। এরই মধ্যে এসআই কালামকে ক্লোজড করার আদেশ দেয়া হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button