৪র্থ বারের মতো এনআরবি-সিআইপি নির্বাচিত ইয়াছিন চৌধুরী

বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী’ হিসেবে ৪র্থ বারের মতো এনআরবি-সিআইপি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি মোহাম্মদ ইয়াছিন চৌধুরী।
তিনি বর্তমানে প্রবাসী বাংলাদেশিদের শীর্ষ সংগঠন এনআরবি-সিআইপি অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।
আগামী ১৯ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে, ঢাকায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এনআরবি-সিআইপিদের মাঝে সনদ ও সম্মাননা প্রদান করবেন।
সরকার দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায়, ২০১৭ সালে সারাবিশ্বের যে ৪২ জন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীকে সিআইপি নির্বাচিত করেছে, ইয়াছিন চৌধুরী তাদেরই একজন। এর আগেও ২০১১, ২০১৫ ও ২০১৬ সালে সিআইপি নির্বাচিত হয়েছিলেন ইয়াছিন চৌধুরী। তার বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়।
তিনি স্নাতক শেষ করে ওমানে পাড়ি জমান। ওমানে এক প্রতিষ্ঠানে সাধারণ কর্মী হিসেবে কর্মজীবন শুরু করলেও, ধীরে ধীরে নিজেই গড়ে তোলেন রিয়েল এস্টেটসহ নানা ব্যবসা। বর্তমানে দুইশ’রও বেশি বাংলাদেশি শ্রমিক কাজ করছে তার প্রতিষ্ঠানে।



