
আগামীতে সাহেদ, পাপলু, পাপিয়াদের মত দুর্নীতিবাজ লেবাসধারীদের আওয়ামী লীগে ঠাঁই হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা।বাংলা টিভিকে দেয়া একান্ত সাক্ষাতকারে, দলের ভেতর ঘাপটি মেরে থেকে সুনাম নষ্টকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান তারা।
সাম্প্রতিক সময়ে করোনার ভুয়া সার্টিফিকেট বাণিজ্যের খবর প্রকাশ্যে এলে, আলোচনায় আসে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদের নাম। নানা সময়ে আওয়ামী লীগের নীতি নির্ধারকদের সাথে ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে সব মহলে শুরু হয় আলোচনা-সমালোচনা। এমনকি, আন্তর্জাতিক গণমাধ্যমেও শিরোনাম হয় দেশের এসব নেতিবাচক খবর।
এসব দুর্নীতিবাজদের সঙ্গে আওয়ামী লীগের সম্পৃক্ততা আলোচনায় আসায়, বিব্রত দলের হাই কমান্ডও। তারা বলছেন, নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশে যারা আওয়ামী লীগের মত ঐতিহ্যবাহী দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে, কোনোভাবেই তাদের ছাড় দেয়া হবে না।
এখনো অনেকেই ঘাপটি মেরে বসে দলের সুনাম নষ্টের পাঁয়তারা করছে জানিয়ে, শিগগিরই তাদের বিরুদ্ধে অভিযান শুরুর কথাও জানান তারা।এ ছাড়া, সাহেদ-পাপলু-পাপিয়াদের যারা দলে ভেড়ানোর সুযোগ করে দেয়, তারাও ছাড় পাবে না বলেও হুঁশিয়ারি দেন আওয়ামী লীগের নীতি নির্ধারকরা।
বাংলাটিভি/শহীদ



