বাংলাদেশ

পাশাপাশি কবরে চিরনিদ্রায় বজ্রপাতে নিহত ৬ শিশু-কিশোর

বাংলা টিভি ডেস্ক: পাবনায় বজ্রপাতে প্রাণ হারানো ছয় শিশু ও কিশোরের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে মালঞ্চি ইউনিয়নের মহাদেবপুর গোরস্থান মাঠে তাঁদের একসঙ্গে জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁদের দাফন করা হয়।

এর আগে শুক্রবার বিকেলে মালঞ্চি ইউনিয়নের সোনাপাতি বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে প্রাণ হারায় তারা।

নিহতরা হলেন—মালঞ্চি ইউনিয়নের গজমতিকুন্ডা এলাকার রবিউল ইসলামের ছেলে শাওন (২৪), নলমুড়া এলাকার ইসমাইল মোল্লার ছেলে রব্বেল মোল্লা (২০), শাহজাহান প্রামাণিকের ছেলে মিজানুর রহমান (১০), নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১৪), শাহাদুলের ছেলে আব্দুল্লাহ (১৮) এবং ইবাদুলের ছেলে ইমন (১৪)।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বিভিন্ন এলাকা থেকে অনেকেই মাছ ধরতে সোনাপাতি বিলে যান। বিকেলের দিকে বৃষ্টি শুরু হলে আটজন একটি টং ঘরে আশ্রয় নেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। একই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হন।

বজ্রপাতের পর হতাহতরা বেশ কিছুক্ষণ টং ঘরের ভেতরেই পড়ে ছিলেন। পরে সন্ধ্যার দিকে আশপাশের লোকজন বিষয়টি জানতে পেরে তাঁদের উদ্ধার করেন। আহত দুজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামারা তাসবিহা জানান, নিহত ছয়জনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। তাঁদের পরিবারকে সরকারি সহায়তা দেওয়া হবে।

তিনি আরও জানান, সরকারের বজ্রপাতে নিহত ও আহত ব্যক্তিদের আর্থিক সহায়তা নীতিমালা অনুযায়ী, নিহত প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার টাকা এবং আহতদের পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা দেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button