
ঈদের একদিন বাকি থাকলেও, ঘরমুখো মানুষের তেমন ভীড় নেই, সড়ক, নৌ ও রেল পথে। প্রতি বছর এই সময় গ্রামের বাড়ি ফিরতে যাত্রীদের উপচে পড়া ভিড় থাকলেও এবার চিত্র একেবারেই আলাদা। ট্রেনের সিডিউল ঠিক থাকলেও নেই তেমন যাত্রী।
এদিকে, অনলাইনে টিকিট বিক্রি হওয়ায় জটলা নেই কাউন্টারগুলোতে। তবে, বাস টার্মিনালগুলোতে কিছুটা ভিড় থাকলেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।
সকাল থেকে সময়মতো ট্রেন ছাড়লেও, অনেকটাই ফাঁকা স্টেশন প্লাটফর্ম। অন্যান্য বছর এই সময়টাতে যেখানে পা ফেলা যায় না সেখানে বাবা মায়ের হাত ছেড়ে ফাকা প্লাটফর্মে দৌড়ে বেড়েচ্ছে ছোট ছোট শিশুরা। বাস কাউন্টারগুলোতে ঈদের আগে উপচে পড়া ভিড় থাকলেও এবার অনলাইনে টিকিট বিক্রি হওয়ায় নেই আগের সেই জটলা।
তবে কিছু চাপ বেড়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। মহাখালী বাস টার্মিলানে ভিড় বেড়েছে ঘরমুখো মানুষের। তবে, পরিবহনগুলোর স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ যাত্রীদের।
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহনের তেমন চাপ না থাকলেও, তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল কিছুটা বিঘ্ন হচ্ছে। একই অবস্থা শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটেরও।
মাসুদ সুমন, বাংলা টিভি



