জনদুর্ভোগবাংলাদেশ

করোনার কারণেই সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট বন্ধ: বিমান এমডি

বাংলাদেশ বিমানের সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট বন্ধ করায় ক্ষুব্ধ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশ কমিউনিটি ও ট্রাভেল এজেন্টরা। একে প্রবাসীদের প্রতি বিমানের নিপীড়নমূলক মানসিকতার প্রকাশ বলেও মনে করছেন তারা।

এদিকে, করোনা নিয়ন্ত্রণের জন্যই সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে বিমান এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন, বিমানের ব্যবস্থাপনা পরিচালক। তবে, এ বিষয়ে কথা বলতে রাজি হননি বিমান প্রতিমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী।

গত ১৬ জুলাই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করা হয়। ২৬ জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকরও হয়। ওইদিন থেকে যুক্তরাজ্যের কোনও বিমান আর সরাসরি সিলেট যাচ্ছে না। লন্ডন ফেরতদের মধ্যে যাদের চূড়ান্ত গন্তব্য সিলেট, তাদেরকে ঢাকা থেকেই লাগেজ সংগ্রহ করতে হচ্ছে।

ঢাকায় ইমিগ্রেশন সম্পন্ন হওয়ার পর তাদের অভ্যন্তরীণ ফ্লাইটে সিলেটে পাঠানো হচ্ছে। এমন সিদ্ধান্তের কারণে বিড়ম্বনায় পড়েছেন বৃটিশ বাংলাদেশিরা।

এবিষয়ে ইংল্যান্ডের ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ডেপুটি ডিরেক্টর জেনারেল এবং হিলসাইড ট্রাভেলসের ম্যানেজিং ডিরেক্টর হেলাল খান বলেন, এ নিয়ে ক্ষোভের সৃষ্টি হচ্ছে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে। কমিউনিটির সাধারণ মানুষ একে বিমানের নিপীড়ন হিসেবেও দেখছেন।

এদিকে, বিমানের এ সিদ্ধান্তকে আত্মঘাতী হিসেবে উল্লেখ করেছেন, এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) এর সিলেট অঞ্চলের চেয়ারম্যান মোতাহার হোসেন বাবুল। একইসঙ্গে, সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী সিলেটের বাসিন্দা হওয়ার পরও, এমন সিদ্ধান্তকে দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন জানিয়েছেন, করোনা নিয়ন্ত্রণের জন্যই সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে বিমান এ নির্দেশনা জারি করেছে। তবে, জানতে চাইলে এ বিষয়ে কোনো তথ্য নেই বলে মন্তব্য করেন, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আবদুল মোমেন।

অন্যদিকে, বেশ কয়েকবার যোগাযোগ করা হলেও, এ বিষয়ে কথা বলতে রাজি হননি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

আসাদ রিয়েল, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button