অন্যান্যবাংলাদেশ

‘উত্তরা থেকে সাত রাস্তা পর্যন্ত ট্রাফিক সিগন্যাল থাকবে না’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ‘উত্তরা থেকে সাত রাস্তা পর্যন্ত সড়কে কোনও ট্রাফিক সিগন্যাল থাকবে না। এজন্য এই সড়কটিতে ১১টি ইউলুপ নির্মাণের কাজ শুরু হয়েছে। এর ফলে সড়কটি যাতায়াতে এখন যে সময় লাগে প্রকল্পের পুরো কাজ শেষ হলে তার ৭৫ ভাগ সময় বেঁচে যাবে।’

মঙ্গলবার (১১ আগস্ট) প্রকল্প এলাকা পরিদর্শনে এসে রাজধানীর উত্তরার কাওলা ইউলোপে তিনি এ কথা বলেন। এসময় তিনি বলেন, ‘ঢাকার উত্তরের সঙ্গে দক্ষিণের যাতায়াতে কয়েকটি মোড়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। আমরা সেই যানজট দূর করার উদ্যোগ নিয়েছি। কোনও ধরনের ট্রাফিক সিগন্যাল ছাড়াই এই উত্তরা থেকে সাত রাস্তা পর্যন্ত যানবাহন চলবে।’

তিনি আরও বলেন, ‘২০১৬ সালে আমাদের প্রয়াত মেয়র আনিসুল হক এই প্রকল্পটি গ্রহণ করেন। পরে এটি আটকে গিয়েছিল। বলতে গেলে এটা পুরোপুরি ঘুমন্ত অবস্থায় পড়ে গিয়েছিল। আমি গতবার যখন মেয়র হয়েছি তখন আমার একটা কমিটমেন্ট ছিল আনিসুল ভাইয়ের যে কাজগুলো বাকি রয়েছে সেগুলো আমি এগিয়ে নেবো। তার মধ্যে এটি একটি ছিল।

মেয়র বলেন, ‘এই সড়কে ১১টি ইউলুপ নির্মাণের পরিকল্পনা ছিল। এখন ১০টি বাস্তবায়ন হচ্ছে। এগুলো হচ্ছে- উত্তরা রাজলক্ষ্মী, উত্তরা র‌্যাব-১ অফিসের সামনে, কাওলা, বনানী ওভারপাসের নিচে, বনানী কবরস্থান ও কাকলী মোডের মাঝখানে, বনানী চেয়ারম্যানবাড়ী, মহাখালী মোড়, মহাখালী বাস টার্মিনাল, নাবিস্কো মোড় ও বিজি প্রেস অফিস।

এগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আপনাদের আমি কথা দিচ্ছি উত্তরা থেকে দক্ষিণে নাবিস্কো বা সাত রাস্তা পর্যন্ত যেতে যে সময় ব্যয় হয় তার ৭৫ শতাংশ বাঁচবে।’

সংশ্লিষ্ট খবর

Back to top button