স্বাধীনতার চেতনা নিশ্চিহ্ন করাই ছিল বঙ্গবন্ধু হত্যার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১৫ আগস্টের পর থেকেই দেশে হত্যা ও রক্তপাতের রাজনীতি শুরু হয় বলে, মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। এসময় বঙ্গবন্ধুকন্যা বলেন, স্বাধীনতার চেতনাকে ধ্বংস করতে বঙ্গবন্ধুর পরিবার নিশ্চিহ্ন করাই ছিলো খুনীদের মূল উদ্দেশ্য।
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির আয়োজনে শোক দিবসের আলোচনা সভায়, গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই ১৯৭৫ এর ১৫ আগস্ট শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
বঙ্গবন্ধুকন্যা বলেন, স্বাধীনতার পতাকা নিশ্চিহ্ন করতেই মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি ১৫ আগস্টের মতো ঘৃণ্য হত্যাকাণ্ড ঘটিয়েছিল। ২১ আগস্ট গ্রেনেড হামলার উদ্দেশ্যও ছিলো বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিহ্ণ করা। ওই হামলার মাধ্যমে স্বাধীনতার চেতনা ধুলিসাৎ করতে চেয়েছিলো বিএনপি-জামায়াত।
বঙ্গবন্ধুর আদর্শে স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। মুজিববর্ষে দেশের কোনো মানুষই গৃহহীন থাকবে না বলেও এসময় আশ্বাস দেন শেখ হাসিনা।
আসাদ রিয়েল, বাংলা টিভি



