করোনায় চুয়াডাঙ্গা জেলা পরিষদ সদস্যের মৃত্যু

চুয়াডাঙ্গা জেলা পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আওয়ামী লীগ নেতা আসাবুল হক (৫২) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
জানা যায়, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আসাবুল হক ভাংবাড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছিলেন। এ জন্য ৩ আগস্ট নিজ গ্রামে বড় পরিসরে পরিচিতি সভা ও প্রীতিভোজের আয়োজন করেন।
প্রীতিভোজে অসংখ্য মানুষের সমাগম হয়। এর পরদিনই তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরবর্তী সময়ে তাঁর করোনা শনাক্ত হয়। করোনার উপসর্গ নিয়ে আসাবুল হক ১৪ আগস্ট চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হন।
সেখানে করোনা ওয়ার্ডের রেড জোনে চিকিৎসাধীন থাকার সময় অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে টানা ১৪ দিন চিকিৎসা শেষে বৃহস্পতিবার বিকেলে তিনি মারা যান।
আসাবুল হক জেলার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের বড় বোয়ালিয়া গ্রামের মরহুম সিদ্দিকুর রহমানের ছেলে। ২০১৬ সালের ২৮ ডিসেম্বর সবশেষ অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে জেলা পরিষদের ৮ নম্বর ওয়ার্ড (ভাংবাড়িয়া, হারদী ও কুমারী ইউনিয়ন) থেকে সদস্য নির্বাচিত হন।
মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত তিনি ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।



