বাংলাদেশপ্রধানমন্ত্রী

সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: নোয়াখালীর স্বর্ণদ্বীপে দিনভর সামরিক মহড়া পরিদর্শন শেষে ঢাকায় ফিরেই দাপ্তরিক কাজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ সময়ের সফর ও ব্যস্ত কর্মসূচির পর বিশ্রামে না গিয়ে সরাসরি সচিবালয়ে উপস্থিত হন তিনি। সন্ধ্যার পরও বেশ কয়েকটি সরকারি কাজে সময় দেন সরকারপ্রধান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে প্রবেশের পর নির্ধারিত নিয়ম অনুযায়ী আঙুলের ছাপ দিয়ে নিজের উপস্থিতি নিশ্চিত করেন। এরপর বিভিন্ন দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন তিনি।

এর আগে সকালে তিন বাহিনীর বিশেষ যৌথ সামরিক প্রশিক্ষণ মহড়া প্রত্যক্ষ করতে নোয়াখালীর স্বর্ণদ্বীপের উদ্দেশে ঢাকা ছাড়েন তারেক রহমান। সকাল সাড়ে ৮টায় বাসা থেকে বের হওয়ার পর সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারে যাত্রা করেন তিনি। বেলা সাড়ে ১১টার দিকে তার হেলিকপ্টার স্বর্ণদ্বীপে অবতরণ করে।

সেখানে প্রথমবারের মতো সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন।

মহড়া পরিদর্শনের একপর্যায়ে সেনাপ্রধানকে সঙ্গে নিয়ে একটি আর্মি ট্যাকটিক্যাল ভেহিকল বা সাঁজোয়া যান চালান প্রধানমন্ত্রী। এ সময় তিনি তিন বাহিনীর বিশেষ সদস্যদের বিভিন্ন প্রশিক্ষণ ও সামরিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

এ ছাড়া দেশীয় প্রযুক্তিতে তৈরি বিভিন্ন সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখেন সরকারপ্রধান। মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশগ্রহণ করে।

সামরিক মহড়ার কার্যক্রম শেষ করে বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফেরেন প্রধানমন্ত্রী। এরপর দীর্ঘ দিনের কর্মসূচির পরও বিরতি না নিয়ে সচিবালয়ে গিয়ে সরকারি দায়িত্ব পালন শুরু করেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button