৭ আইনজীবী এনেও জামিন পায়নি প্রদীপ, লিয়াকত, নন্দদুলাল

চট্টগ্রাম থেকে সাত আইনজীবী এনেও মুক্তি মিললো না মেজর সিনহা হত্যা মামলার আসামি বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ, ইন্সপেক্টর লিয়াকত আলী ও এসআই নন্দদুলালের। এ তিন আসামিকে আবারও তিন দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।
এ সময় আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন জানালে তা নাকচ করে দেন আদালত। এরআগে প্রত্যেকে ১১ দিন করে রিমান্ডে ছিলেন।
শুক্রবার দুপুরে মেজর সিনহা হত্যা মামলার আসামী ওসি প্রদীপ, পুলিশ পরিদর্শক লিয়াকত ও এসআই নন্দদুলালকে তৃতীয় দফায় রিমান্ডের জন্য কক্সবাজার আদালতে নেয়া হয়।
এ সময়, প্রত্যেকের চারদিন করে রিমান্ড চেয়ে র্যাবের আবেদনের ওপর শুনানি শেষে, কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর তাদের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শারীরিক পরীক্ষার জন্য তাদেরকে সদর হাসপাতালে নেয়া হয়।
শুনানিতে, নিজের যুক্তি তুলে ধরেন আসামী পক্ষের আইনজীবী। এ মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এপিবিএন-এর তিন সদস্য।
আমিনুল হক, কক্সবাজার প্রতিনিধি



