টাকা না দেয়ায় এক নারীকে মিথ্যা আসামি করার অভিযোগ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজনকে এক লাখ টাকা না দেয়ায়, ব্রাক্ষবাড়িয়ার আখাউড়ায়, নাজমা বেগম নামে এক নারীকে মাদক মামলায় মিথ্যা আসামী করেছে বলে অভিযোগ, ভুক্তভোগী পরিবারের।
আখাউড়া পৌরশহরের দূর্গাপুর গ্রামের নাজমা বেগমের বাড়িতে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করা হয়। লিখিত বক্তব্যে নাজমা বেগমের কলেজ পড়ুয়া মেয়ে নাহিদা ইসলাম মিতু জানান, ২৪ আগষ্ট রাতে সাদা পোশাকে চার থেকে পাঁচজন লোক, জোর করে তাদের ঘরে প্রবেশ করে, নিজেদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোক বলে পরিচয় দেন।
সংবাদ সম্মেলনে নাহিদা আক্তার মিতুর অভিযোগ, তার মা কে মাদক ব্যবসায়ী বলে ঘরে তল্লাশী এবং তাদের সাথে দুর্ব্যবহার করা হয়। ঘন্টাখানেক তল্লাশী করে ঘরে কোন মাদকদ্রব্য পায়নি তারা।
পরে স্থানীয় কিাউন্সিলরসহ সকলের উপস্থিতিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন একটি জব্ধ তালিকা করে। সেই তালিকায় তাদের বসত ঘরে কোন মাদক দ্রব্য পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়, যার ছবি মোবাইল ফোনে তুলে রাখেন মিতু। পরে লোকজনকে সরিয়ে দিয়ে সহকারী উপ-পরিদর্শক হুমায়ুন কবির এক লাখ টাকা দাবী করেন।
টাকা না দেয়ায়, পরদিন নাজমা বেগমকে দুই নম্বর আসামী করে মাদক মামলা দেয়া হয়। এ ঘটনায় মিথ্যে মামলা প্রত্যাহারসহ অভিযোগ কারীদের বিচার চেয়েছে ভুক্তভোগী পারিবারটি।



