শিমুলিয়ায় ফেরি বন্ধে পাটুরিয়ায় ব্যাপক চাপ

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে নাব্য সঙ্কটে ফেরি চলাচল দুই দিন ধরে পুরোপুরি বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। ৯ দিন বন্ধ থাকার পর সীমিতভাবে চালুর দু’দিনের মাথায় রোববার দুপুরে ফেরি আবারও বন্ধ হয়ে যায়।
যাত্রীরা ঘাটে গাড়ি রেখে ঝুঁকি নিয়ে লঞ্চ-স্পিডবোটে করে পদ্মা পার হচ্ছেন। রাতে সব নৌযান বন্ধ থাকায় বিড়ম্বনার যেন নেই শেষ। আটকাপড়া পণ্যবাহী ট্রাক চালকরা ঘাটে এসে পড়েছেন বিপাকে।
তাদের পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট হয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তবে কবে নাগাদ ফেরি সচল হবে তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
এদিকে পদ্মার স্রোত, নাব্য সঙ্কট ও ঘাট ভাঙনে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় যানবাহনের বাড়তি চাপ পড়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের উভয় ঘাটে। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে, সময় বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ জানায়, শিমুলিয়া-কাঁঠালবাড়িতে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া-দৌলতদিয়ায় যানজটের সৃষ্টি হয়েছে। ফেরি পার হতে দীর্ঘ সময় লাগায় কাঁচা সবজি নিয়ে পড়েছেন বিপাকে ব্যবসায়ীরা। তবে ছোট গাড়ি ও অ্যাম্বুলেন্সকে বেশি অগ্রাধিকার দেয়া হচ্ছে পারাপারে।



