
গাজীপুর মহানগর ও জেলা জুড়ে রয়েছে অসংখ্য অবৈধ গ্যাস সংযোগ ও বিভিন্ন জায়গায় গ্যাস লিক হয়ে বাতাসে উড়ছে। এমনও রয়েছে একবার সংযোগ বিচ্ছিন্ন করা হলে সেখানে আবারো দেয়া হচ্ছে অবৈধ সংযোগ। এখনো রয়েছে কমপক্ষে অর্ধ লক্ষ অবৈধ সংযোগ । মানহীন এসব সংযোগের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বিস্তীর্ণ এলাকা। এছাড়াও সরকার বঞ্চিত হচ্ছে রাজস্ব থেকে।
মহানগরের সবচেয়ে বেশি অবৈধ গ্যাস সংযোগ রয়েছে শিল্প ঘন এলাকায়। শিল্প এলাকার কলোনিগুলোতে দেয়া হয়েছে গ্যাসের চুল্লি। এলাকার মানুষকে পরবর্তী সময়ে বৈধ করে দেয়া হবে এমন প্রতারণামূলক প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বিভিন্ন চক্র। বাসাবাড়িতে সংযোগের জন্য চুলা প্রতি নেয়া হয়েছে, ৩০ হাজার টাকা থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত। আবার এখনো মাসে মাসে বিলের নামে হাতিয়ে নেয়া হচ্ছে বিপুল পরিমান অর্থ
গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি ও জেলা প্রশাসনের পক্ষ থেকে মাঝে মাঝে অবৈধ গ্যাস উচ্ছেদে অভিযান চলছে। সংযোগ বিচ্ছিন্ন হলেও, আবারো অবৈধভাবে সংযোগ দেয়া হচ্ছে। করোনাকালীন সময়ে এই অভিযান চালানো সম্ভব না হলে শিগগিরই জোরালোভাবে মাঠে নামবেন কর্মকর্তারা।
কর্তৃপক্ষ বলছে, বর্তমানে নগর ও জেলা জুড়ে ৫৭ কিলোমিটার এলাকায় কমপক্ষে ১৮ হাজার অবৈধ সংযোগ রয়েছে। কিন্তু সচেতন মহল বলছেন এর সংখ্যা হবে কমপক্ষে অর্ধ লক্ষ। গত এক বছরে প্রায় ২০ থেকে ২৫ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে ২০ লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বাংলাটিভি/দেশবাংলা



