বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় সেই ‘দাদি’

টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান করে নিয়েছেন দিল্লিতে নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরুদ্ধে লড়াই করে যাওয়া ৮২ বছর বয়সী সেই পরিচিত মুখ বিলকিস বেগম। বিলকিস টানা ১০১ দিন ছিলেন শাহিনবাগের ওই ধরনা মঞ্চের সামনে।
করোনা ভাইরাস মহামারি সতর্কতায় গত ২৪ মার্চ ধরনা তুলে দেয় পুলিশ। এরপর বাড়ি যান বিলকিস। এই সময়ে বিলকিস ভারতজুড়ে সবার কাছে পরিচিতি পান ‘দাদি’ হিসেবে। সেই দাদিকেই ২০২০ সালের সেরা ১০০ প্রভাবশালীর তালিকায় রেখেছে বিখ্যাত এ ম্যাগাজিন।
প্রতি বছরই রাজনীতিক, ব্যবসায়ীসহ বিভিন্ন ক্ষেত্রে প্রভাবশালীদের মধ্যে ১০০ জনকে বেছে নিয়ে এ তালিকা করে যুক্তরাষ্ট্রভিত্তিক এ ম্যাগাজিন। চলতি বছরের শত প্রভাবশালীর তালিকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বলিউড তারকা আয়ুষ্মান খুরানার নামও আছে বলে জানিয়েছে বিবিসি।
টাইম ম্যাগাজিনে বিলকিসের প্রোফাইল লিখেছেন ভারতীয় সাংবাদিক ও লেখক রানা আইয়ুব। বিলকিসকে তিনি বর্ণনা করেছেন ‘প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হিসেবে’। তালিকাটির আইকন ক্যাটাগরির ১৬ নম্বর অবস্থানে রয়েছেন বিলকিস বেগম।



