করোনা ভ্যাকসিন নিতে বাধ্য নন মার্কিনিরা: বাইডেন

মার্কিনিদের জন্য করোনার ভ্যাকসিন বাধ্যতামূলক করা হবে না। এমনটাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।
শুক্রবার (৪ ডিসেম্বর) ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটনে বাইডেন বলেন, প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর জনগণকে ঠিক কাজটি করতেই উৎসাহ দেবেন তিনি। তবে ভ্যাকসিন সহজলভ্য হলেও কোন নাগরিককে তা নিতে বাধ্য করা হবে না।
এদিকে, যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল প্রথমবারের মতো নিজের বাড়ি ছাড়া অন্য যে কোন বাসা বা কর্মস্থলে সর্বজনীন মাস্ক পরে থাকার আহ্বান জানিয়েছে। দেশটি সর্বোচ্চ মাত্রার সংক্রমণের পর্যায়ে পৌঁছেছে বলেও জানায় সংস্থাটি।
অন্যদিকে, ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (৫ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ কোটি ৬২ লাখ ২৪ হাজার ৩৫৮ জন এবং মৃত্যু হয়েছে ১৫ লাখ ২৪ হাজার ২৬১ জনের। সুস্থ হয়েছেন ৪ কোটি ৫৮ লাখ ৮ হাজার ২৯২ জন।
পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটি ৪৭ লাখ ৭২ হাজার ৫৩৫ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৮৫ হাজার ৫৫০ জনের। গত ২৪ ঘণ্টা মারা গেছের আরও ২ হাজার ৭১৮ জন।



