
ভুটানের সঙ্গে অগ্রাধিকার বাণিজ্য চুক্তি সই করেছে বাংলাদেশ। এই প্রথম কোনও একটি দেশের সঙ্গে এধরনের দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি করলো সরকার। রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের উপস্থিতিতে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং ভুটানের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী লোকনাথ শর্মা এ চুক্তি করেন।
চুক্তি সইয়ের পর বাংলাদেশ ও ভুটানের মধ্যেকার সম্পর্কের আরও উন্নতি এবং ব্যবসা-বাণিজ্যসহ পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে বলে আশা করেন দুই দেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশকে ভুটানের স্বাধীনতার স্বীকৃতি দেয়ার ঐতিহাসিক দিনে ৬ ডিসেম্বরে ৪৯তম বার্ষিকীতে এই চুক্তি সই হয়।
ভার্চ্যুয়াল অনুষ্ঠানে নিজ নিজ দেশের পক্ষে চুক্তিপত্রে সই করেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও ভুটানের অর্থ-বাণিজ্যমন্ত্রী লোকনাথ শর্মা। চুক্তি সই অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভুটান প্রান্ত থেকে দেশটির প্রধানমন্ত্রী লোটে শেরিং সংযুক্ত হন।
বাংলাদেশ-ভুটানের মধ্যে এই চুক্তি সইয়ের ফলে বাংলাদেশের ১০০টি পণ্য ভুটানে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। আর ভুটানের ৩৪টি পণ্য বাংলাদেশে শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা পাবে। চুক্তি সইয়ের পর বাংলাদেশ ও ভুটানের মধ্যকার সম্পর্কের উন্নয়ন এবং ব্যবসা-বাণিজ্যসহ সম্প্রসারণের কথা তুলে ধরেন দুই দেশের প্রধানমন্ত্রী।
১৯৭১ সালে ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসাবে প্রথম স্বীকৃতি দেয় ভুটান। এই দিনটিকেই আরো স্মরনীয় করতেই ভুটানের সাথে আজ পিটিএ চুক্তি সই করা হলো।
হাকিম মোড়ল, বাংলা টিভি



