বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ: প্রধানমন্ত্রী

বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ; এ দেশে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে চলবে। বিকেলে, আওয়ামী লীগের বিজয়ের দিবসের আলোচনায় ভার্চুয়ালি যোগ দিয়ে এ মন্তব্য করেন দলের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময়, সহনশীলতার সঙ্গে যেকোনো পরিস্থিতি মোকাবিলারও আহ্বান জানান তিনি।
মহান বিজয় দিবস- ২০২০ উপলক্ষ্যে বুধবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের প্রধান কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ। এতে বক্তব্য রাখেন দলের সিনিয়র নেতারা।
অনুষ্ঠানে গণভবন থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে তিনি বলেন, বাংলাদেশের মাটিতে সব ধর্মের মানুষ এক হয়ে মুক্তিযুদ্ধে রক্ত দিয়েছে। তাই অসাম্প্রদায়িক চেতনার দেশ হিসেবেই বাংলাদেশ এগিয়ে যাবে।
আওয়ামী লীগ জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে- উল্লেখ করে, ২০২১ সালের মধ্যেই দেশকে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত করার অঙ্গীকার পুর্নব্যক্ত করেন বঙ্গবন্ধুকন্যা।
কারও কাছে নত না হয়ে, এ দেশের মানুষ বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে বলেও এ সময় মন্তব্য করেন, সরকার প্রধান।
আসাদ রিয়েল, বাংলা টিভি



