৪ লক্ষাধিক টাকাসহ দুই সরকারি অডিটর আটক

পিরোজপুরে প্রাথমিক শিক্ষা বিভাগের বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান অডিট করতে আসা দু’জন অডিটরকে ৪ লাখ ১৬ হাজার নগদ টাকাসহ গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গ্রেফতারকৃতরা হলেন, শিক্ষা, সংস্কৃতি ও ধর্ম বিষয়ক অডিট অধিদপ্তরের অডিট এন্ড একাউন্টাস অফিসার মো. শামীম হোসেন এবং এস.এ.এস সুপারিনটেনডেন্ট মো. জহির রায়হান।
দুর্নীতি দমন কমিশন-দুদুকের বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক দেবব্রত মন্ডলের নেতৃত্বে ৮ সদস্যের একটি দল সোমবার বিকেলে পিরোজপুর এলজিইডি’র গেষ্ট হাউজ থেকে তাদেরকে টাকাসহ হাতেনাতে গ্রেফতার করে।
দুদকের উপ-পরিচালক দেবব্রত মন্ডল জানান, দুদক গোপন সংবাদের ভিত্তিতে এলজিইডি ভবনের তৃতীয় তলায় অভিযান চালিয়ে ওই দুই কর্মকর্তাকে ঘুষের টাকাসহ আটক করে। পিরোজপুরে প্রাথমিক শিক্ষা অফিসগুলোতে অডিটের কাজ করার জন্য ওই ভবনে অবস্থান করছিলেন আটককৃতরা। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
ইমাম হোসেন, পিরোজপুর প্রতিনিধি



