
ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে রাজধানীর বিভিন্ন স্থানে বাস পোড়ানো ও হাতবোমা ফাটানোর ঘটনায় বিএনপি’র ১৭৮ নেতাকর্মীর আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।
বুধবার ৩৬ টি আবেদনের শুনানি নিয়ে বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাই কোর্ট বেঞ্চ তাদের এক মাসের জামিন দেয়। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী কায়সার কামাল।
জামিনের মেয়াদ শেষে আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে করতে হবে বলে জানান তিনি। এ সময় রাষ্ট্রপক্ষের ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবুল হাসেম। গত বছর ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণের দিন দুপুরে উত্তরায় একটি ভোটকেন্দ্রের সামনে বোমাবাজি হয়।
একই দিন ঢাকার বিভিন্ন স্থানে মোট ১১টি বাস পোড়ানো হয় । এসব ঘটনায় ৯টি থানায় বিএনপি নেতাকর্মীদের আসামি করে মোট ১৬টি মামলা করে পুলিশ।



