টঙ্গীতে শ্রমিক বিক্ষোভ, আহত ৩

গাজীপুরের টঙ্গীতে এক পোশাক শ্রমিককে মারধরের প্রতিবাদে বিক্ষোভ করেছেন কারখানা শ্রমিকরা। সোমবার সকাল থেকে পাঁচ শতাধিক শ্রমিক কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। টঙ্গীর বিসিক এলাকার রেডিসন গার্মেন্টস লিঃ নামক পোশাক কারখানার সামনে এ ঘটনা ঘটে। বিক্ষুদ্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ ধাওয়া দিলে অন্তত তিন শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার কারখানার ভেতরে বাক বিতন্ডায় জরায় সুইং সেকশনের শ্রমিক রনি ও লাইন চীফ সোলেমান। পরে ঘটনার দিন রাতেই বাসায় ফেরার পথে বহিরাগত লোকজন কারখানার সামনে রনিকে মারধর করে।
শনিবার কারখানা কর্তৃপক্ষের নিকট ঐ কর্মকর্তাকে অপসরনের দাবি জানায় শ্রমিকরা। তবে ঐ কর্মকর্তাকে অপসরণের বিষয়ে আপত্তি জানায় কারখানা কতৃপক্ষ। পরদিন রবিবার কারখানার মূল ফটকে কারখানা বন্ধের নোটিশ সাঁটিয়ে দেওয়া হয়।
নোটিশে বলা হয়, বে-আইনি ধর্মঘট ও উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কারখানাটির উৎপাদন বন্ধ করা হয়েছে। এই অবস্থায় কারখানাটি সম্পূর্ণভাবে পরিচালনা করা সম্ভব না। শ্রমিকরা জানায়, কারখানা কর্তৃপক্ষ ন্যায্য বিচার করে নি। আমরা সোলেমানের অপসরন চাই।
এদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি দক্ষিণ) মো. নূরে আলম বলেন, আজ টঙ্গী বিসিক এলাকার বেশ কিছু পোশাক কারখানার শ্রমিকদের নিয়ে আন্দোলন করতে চেয়েছিলো বিক্ষুব্ধ শ্রমিকরা।
বিক্ষুব্ধ শ্রমিকদের অবস্থান কর্মসূচি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করা হবে।
তাওহীদ কবির, টঙ্গী প্রতিনিধি



