বাংলাদেশঅন্যান্য

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের দূরদর্শী কূটনৈতিক সাফল্য

পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে সকল রাষ্ট্রের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক প্রসারে সচেষ্ট রয়েছে বাংলাদেশ। পাশাপাশি, দেশের পররাষ্ট্র নীতিতেও রয়েছে বিশ্বশান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা অঙ্গীকার। এ কারণে, কূটনৈতিক ক্ষেত্রে অব্যাহত সাফল্য আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের পররাষ্ট্রনীতি ঠিক করেছিলেন ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’- নীতির ভিত্তিতে। তার এই নীতিই আজ বাংলাদেশকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করেছে।

মিয়ানমার ও ভারতের সাথে অমীমাংসিত সমুদ্রসীমা ছিল সমুদ্রে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচে বড় বাধা। শেখ হাসিনার কূটনৈতিক সাফল্যের ফসল মিয়ানমার ও ভারতের সঙ্গে সমূদ্রসীমার শান্তিপূর্ণ নিষ্পত্তি। এ ছাড়া ভারতের সঙ্গে ছিটমহল বিনিময়, রোহিঙ্গা সঙ্কটে মানবিক ভূমিকা পালন করায় বিশ্বের চোখে বাংলাদেশ এখন মানবতার উজ্জ্বল উদাহরণ।

একই সাথে, প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার এবং বিশ্ব প্রেক্ষাপটে মূল্যবোধভিত্তিক সম্পর্ক উন্নয়নেও দেশের ব্যাপক অগ্রগতি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করেন, এসব সাফল্য ও অর্জনের পেছনে প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করেছে বঙ্গবন্ধুর নীতির অনুসরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক তৎপরতা।

‘বিগত এক যুগে অর্জিত সক্ষমতার ওপর ভিত্তি করে, বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করছে বাংলাদেশ। একই সঙ্গে বিদ্যমান সমস্যাগুলোরও সমাধান করছে শান্তিপূর্ণভাবেই’ বলে মন্তব্য করেছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

সরকারের দুরদর্শী, দায়িত্বশীল পররাষ্ট্রনীতি এবং কূটনৈতিক প্রচেষ্টার ফলেই দেশ আজ বিশ্বশান্তি ও আর্থ-সামাজিক উন্নয়নে আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করেছে। দারিদ্র দূরীকরণ, নারীর ক্ষমতায়ন ও সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলে প্রতিশ্রুতি বাস্তবায়নের ফলে বিশ্বে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি গড়ে উঠেছে বলেও মনে করেন সংশ্লিষ্টরা।

আসাদ রিয়েল, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button